ছয় কোটি টাকা নিয়ে জাগো কো-অপারেটিভ লাপাত্তা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:১২
গ্রাহকের ৬ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে ‘জাগো মাল্টিপারপাস কো-অপারেটিভ’ নামের একটি সমবায় সমিতি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহজালালের বিরুদ্ধে আদালতে অর্থ আত্মসাতের মামলা করেছে এক গ্রাহক। ৬-৭ বছর ধরে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের শাহজালালসহ ৬ যুবক স্থানীয় মুন্সিরহাট বাজারে জাগো মাল্টিপারপাস কো-অপারেটিভের কার্যক্রম শুরু করে। চেয়ারম্যান ও এমডি পদে থাকে শাহজালাল। আস্তে আস্তে প্রতিষ্ঠানের আরও ৬টি শাখা বাড়ানো হয়। এসব শাখার মাধ্যমে তারা ৬ কোটি টাকা আমানত সংগ্রহ করে অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালু করে। গত এক মাস ধরে ৭টি শাখাই বন্ধ রয়েছে। চেয়ারম্যান শাহজালালসহ পরিচালকরা পলাতক রয়েছেন।
দীর্ঘদিন চেষ্টা করেও আমানত ফিরে না পেয়ে প্রতিষ্ঠানের গ্রাহক চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের মৃত আবদুল আলীর ছেলে জামাল উদ্দিন চেয়ারম্যান শাহজালাল ও তার পিতা ইদ্রিছ মিয়া মাস্টারের বিরুদ্ধে অর্থ আত্মাসাত্ মামলা করেছে।