কক্সবাজারে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

কক্সবাজার শহরের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে কক্সবাজার শহরের নতুন বাহারছড়াস্থ ছিদ্দিকীয়া কেজি স্কুলের সামনের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের দ্বিতীয়তলায় ধর্মীয় পাঠ নিতে গিয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়। এসময় শিশুটির চিত্কারে স্থানীয় লোকজন লম্পট শিক্ষককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দেয়। এর রেশ না কাটতেই নূনিয়াচড়াস্থ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় একাধিক শিক্ষকের হাতে বেশ কয়েকজন ছাত্রীর যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ পায়। অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে পদত্যাগ করে চলে যাওয়ার সুযোগ দেয়া হয়। কক্সবাজার সদর থানার (ওসি) মোহাম্মদ জসিমউদ্দিন জানান, তৈয়্যবিয়া মাদ্রাসায় শিক্ষকের হাতে ছাত্রী যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।