সিলেট বোর্ডে ক্যাডেট কলেজ শীর্ষে
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:১৩
সিলেট বোর্ডে এবারের এসএসসির ফলাফলেও শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট ক্যাডেট কলেজ। এবার এই কলেজের ৫১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে সকলেই জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে সিলেট বোর্ডের আরেক সেরা শিক্ষা প্রতিষ্ঠান ব্লু বার্ড স্কুল জিপিএ-৫ প্রাপ্তিতে রেকর্ড করেছে। বোর্ডের মধ্যে সর্বোচ্চ ১৫৪টি জিপিএ-৫ পেয়েছে এই স্কুল। ১৪৮টি জিপিএ-৫ পেয়ে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় হয়েছে সিলেট সরকারি পাইলট স্কুল। এছাড়া শতভাগ পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে কৃতিত্ব দেখিয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, সিলেট সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয় ও স্কলার্স হোম। এ বছর সিলেট বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। গত বছর পাসের হার ছিল ৯১ দশমিক ৭৮। আর এবার পাসের হার ৮৮ দশমিক ৯৬। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৮৯ জন। গত বছর পেয়েছিল ২ হাজার ৬১১ জন।
সেরা ১০
পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে সিলেট বোর্ডের সেরা ১০ স্কুল হলো (যথাক্রমে) : সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, সিলেট সরকারি পাইলট স্কুল, ব্লু বার্ড স্কুল, স্কলার্স হোম, সিলেট সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়, মৌলভীবাজারের দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল, হবিগঞ্জের গোবিন্দপুর সরকারি হাই স্কুল, হবিগঞ্জ সরকারি হাই স্কুল ও শ্রীমঙ্গলের বিটিআরই হাই স্কুল।