চূড়ান্ত ভূমি জরিপ বিধিমালার বিপরীতে জেলা প্রশাসকের পরিপত্র জারি জনদুর্ভোগের কারণ

বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনা আইনের সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়েলের ৫৩৩, ৫৩৪ ও ৫৩৭ বিধি অনুযায়ী দেশের প্রতিটি মৌজার জরিপ কাজ চূড়ান্ত হয়, যা একই আইনের ৩৪(২) বিধি অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পূর্ববর্তী জরিপের রেকর্ড বাতিল হয়ে যায়। নতুন জরিপের ওপর ভিত্তি করেই জমিজমা সংক্রান্ত সব রকম কার্যক্রম শুরু করতে হয়। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর সংশ্লিষ্ট কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে তাকে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না। সংক্ষুব্ধ কোনো পক্ষ জেলা প্রশাসন কিংবা ভূমি মন্ত্রণালয়ে গিয়েও লাভবান হবেন না। দেশের বিশেষজ্ঞ আইনবিদগণ এই অভিমতই ব্যক্ত করেন। ঢাকা মহানগরীর বেলায়ও একই বিধিবিধান প্রযোজ্য। সেভাবেই ঢাকার মাঠ পর্যায়ের ভূমি প্রশাসনে মিনি জরিপ অনুযায়ী খাজনা আদায় এবং নামজারির নির্দেশ দেয়া হয়। কিন্তু ২০১০ সালে এই আইনের বিপরীতে একটি পরিপত্র জারি করেন ঢাকার সাবেক জেলা প্রশাসক। পরিপত্রে বলা হয়, আগের রেকর্ডে ভুল থাকলে খাজনা ও নামজারি করা যাবে না। ভূমি আইন বিধিমালার সঙ্গে জারি করা এই পরিপত্র বিপরীতমুখী এবং সাংঘর্ষিক। এ কারণে সাধারণ মানুষের হয়রানি বেড়েছে শতগুণ। জরিপে ভুলত্রুটি থাকলে আদালত থেকে রায় নিয়ে রেকর্ড সংশোধনের মাধ্যমে নতুন করে কার্যক্রম চালাতে হবে। রেকর্ডীয় মালিকের কার্যক্রম বন্ধ রাখতে হলে মূল আইন সংশোধন আনতে হবে। বিষয়টি ভূমি বিষয়ক সংসদীয় জাতীয় কমিটি পর্যালোচনা করে দিক নির্দেশনা দিতে পারেন। যেহেতু সাংঘর্ষিক পরিপত্রের কারণে সাধারণ মানুষের হয়রানির পাশাপাশি রাজস্ব আদায়েও জটিলতা দেখা দিয়েছে। মনিরুল ইসলাম ৮৮ নয়াপল্টন, ঢাকা ১০০০