একজন তরুণের পক্ষে যুদ্ধাপরাধের নেতৃত্বের দায় চাপানো হাস্যকর

জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের পর তার বড় ছেলে হাসান ইকবাল এক প্রতিক্রিয়ায় বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আমার পিতা ছিলেন ১৮ বছরের তরুণ। ওই বয়সের একজন তরুণের পক্ষে বৃহত্তর ময়মনসিংহে যুদ্ধাপরাধে ‘সুপরিয়র রেসপন্সসিবল’ (নেতৃত্বের দায়) হওয়া অবিশ্বাস্য এবং হাস্যকর। এইচএসসি পরিক্ষার্থী একজন ছাত্র কিভাবে আলবদর নেতা হবেন? আমার পিতার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। হাসান ইকবাল বলেন, আমার বাবার বিরুদ্ধে কলেজ শিক্ষক আবদুল হান্নানকে নির্যাতনের যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। কারণ ওই শিক্ষক তার শেরপুরের বাড়িতে এখনও সুস্থভাবে বেঁচে আছেন। তাকে ট্রাইব্যুনালে আনা হয়নি। হাসান ইকবাল বলেন, শুধু লিখিত জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তিনি যে কথা বলেননি, সে কথাও জবানবন্দিতে রয়েছে। অথচ আমরা তার সাক্ষাত্কার নিয়েছি। তিনি বলেছেন, কামারুজ্জামান আমার ওপর নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন না। হাসান ইকবাল অভিযোগ করেন, তিনি আব্দুল হান্নান সাহেব তদন্ত কর্মকর্তাদের শেখানো মিথ্যা কথা বলতে রাজি হননি বলেই তাকে ট্রাইব্যুনালের সাক্ষী হিসেবে আনা হয়নি।