চট্টগ্রামে জামায়াতের শতাধিক গাড়িতে আগুন ভাংচুর

দলীয় নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে চট্টগ্রামে যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহনে আগুন দেয়া ছাড়াও শতাধিক গাড়ি ভাংচুর করেছে জামায়াত শিবির কর্মীরা। গতকাল বিকালে নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন শহীদ বশরুজ্জামান চত্ব্বরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটর সাইকেল আরোহী জামায়াত শিবির কর্মীরা পেট্রোল ঢেলে একটি বাস, টেম্পো ও সিএনজি অটোরিকশায় আগুন দেয়। এসময় তারা ককটেল ফাটিয়ে ও গণহারে গাড়ি ভাংচুর করে এলাকায় ত্রাস সৃষ্টি করে। আতঙ্কিত লোকজন এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। এরপর শিবির কর্মীরা মিছিল বের করে ট্রাইবুন্যাল বিরোধী স্লোগান দেয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে। এর আগে বিকাল ৩টায় নগরীর গনি বেকারি মোড়ে চার লিটার পেট্রোলসহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় দুই যুবককে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- বায়েজিদ হোসেন ও ফেরদৌস।