আগের অবস্থান ফিরে পেয়ে স্বস্তিতে ভিকারুননিসা

গত বছর ৪র্থ স্থানে থাকা ভিকারুননিসা নূন স্কুল এ বছর দুই ধাপ এগিয়ে ঢাকা বোর্ডে ২য় স্থান অধিকার করেছে। শতভাগ পাস ও ১ হাজার ১৬৬টি জিপিএ-৫ নিয়ে স্কুলটি এই অবস্থানে আছে। এ বছর স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩৪১ জন। ২০১১ সালে তারা ২য় স্থানেই ছিলো, তাই নিজেদের পূর্বের অবস্থানে ফিরে যেতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন স্কুলের অধ্যক্ষ মঞ্জুআরা বেগম। এ বছর ভিকারুননিসা নূন স্কুলের জিপিএ-৫ প্রাপ্তির হার ৮৬.৯৫ শতাংশ। বিজ্ঞান শাখায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০৮৭ জন। বিজ্ঞান শাখায় পাসের হার ১০০ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০০৭ জন (বাংলা মাধ্যম ৯২৮+ ইংরেজি মাধ্যম ৭৯)। বাংলা মাধ্যমে মোট পরীক্ষার্থী ৯৬৫ জন ও ইংরেজি মাধ্যমে ৮২ জন। মানবিক শাখায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২২ জন, পাসের হার শতভাগ যার মধ্যে কেউ জিপিএ-৫ পায়নি। ব্যবসাশিক্ষা শাখায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২৭২ জন, পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। এই স্কুল থেকে মোট জিপিএ-৫ প্রপ্তির সংখ্যা ১১৬৬ যা গতবছর ছিল ১০১০। বিজ্ঞান শাখার জিপিএ-৫ পাওয়া ফারহানা কবীর বলেন, ভালো ফলাফলের জন্য প্রথমেই শিক্ষার্থীকে পরিশ্রম করতে হবে। প্রত্যেকটি বিষয় ভালোভাবে বুঝে আয়ত্তে আনতে হবে। এক্ষেত্রে সে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করেন। মেয়ে জিপিএ-৫ পাওয়ার বিষয়ে অভিভাবক হিসেবে নিজেদের পূর্ণ সহযোগিতার কথা উল্লেখ করেন ডা. শওকত আরা। তিনি বলেন, প্রত্যেক অভিভাবক যদি সন্তানের নিয়মিত পড়াশুনার তদারকি করেন তাহলেই ছেলেমেয়েরা ভাল ফলাফল করতে পারবে। তার মেয়ে শারমিন নেওয়াজের ফলাফল নিয়মিতভাবেই ভাল ছিল। অধ্যক্ষ মঞ্জুআরা বেগম বলেন, আমাদের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এই ফলাফল। তিনি জানান, টেস্ট পরীক্ষার পরও তারা তিনটি করে মডেল টেস্ট বা প্রিপারেশন টেস্ট নেন। যা পরীক্ষার্থীদের বিশেষ সহযোগিতা করে। তিনি বলেন, সৃজনশীল পদ্ধতিতে ভাল করার জন্য শিক্ষকরা বিশেষ যত্ন নিয়েছেন ফলে শিক্ষার্থীরা ভালোভাবে লিখতে পেরেছে। আর এই পদ্ধতিতে ভাল করার জন্য পাঠ্যবই পড়ার কোন বিকল্প নেই বলেও তিনি মত প্রকাশ করেন। তিনি বলেন, পাঠ্যবই ভালোভাবে পড়লে ৪০ মার্কসের যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে তাতেও পূর্ণ মার্কস পাওয়া যায়। ফলাফলের জন্য আনন্দ প্রকাশ করে তিনি আশা করেন আগামী বছরগুলোতেও তারা এ ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।