আবারো উত্তাল শাহবাগ ফাঁসির রায়ে উল্লসিত গণজাগরণ মঞ্চ

একাত্তরের যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায়ের খবর গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল থেকে শাহবাগের গণজাগরণ মঞ্চে পৌঁছতে সময় লেগেছিল এক মিনিটেরও কম। ‘কামারুজ্জামানের ফাঁসির রায় হয়েছে’ মাইকে এই ঘোষণার সঙ্গে সঙ্গে জয় বাংলা শ্ল্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রজন্ম চত্বর। ‘ত্রিশ লাখ শহীদের বাংলায়, রাজাকারে ঠাঁই নাই’ ‘ঘাতকের ফাঁসি, বাঙালি খুশী’ শ্লোগানে শ্লোগানে আবারো মেতে ওঠে সমবেত হাজার হাজার মানুষ। কামারুজ্জামানের ফাঁসির খবরে তারা একে অন্যকে জড়িয়ে ধরেন এবং ‘জয় বাংলা’ শ্লোগান দেন। রায় ঘোষণার পরপরই উল্লাসে মাতোয়ারা শাহবাগে সমবেত ছাত্র-জনতা বের করেন আনন্দ মিছিল। এ সময় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টিমুখ করান। এ রায়কে তারা গণজাগরণের ‘আরেকটি বিজয়’ বলেও আখ্যায়িত করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, আমাদের যে ছয় দফা দাবি রয়েছে তার প্রথমটি সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে-এতে জনমনে স্বস্তি এসেছে। সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির জন্য গণদাবির প্রতিফলন হিসাবেই গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছে। সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি এবং তাদের দল জামায়াত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ আন্দোলন চালিয়ে যাবে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে গত বুধবার থেকেই উত্তাল হয়ে ওঠে শাহবাগ প্রজন্ম চত্বর। গতকাল সকালেই যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে শুরু করে শাহবাগে। রায়ের কিছুক্ষণ পরেই প্রজন্ম চত্বর থেকে ডা.ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। শহীদ মিনারে কিছুক্ষণ অবস্থান করে মিছিলটি আবার প্রজন্ম চত্বরে এসে শেষ হয়। আগেই ঘোষণা করা হয়েছিল যুদ্ধাপরাধীদের যে কারও রায় ঘোষণার আগের দিন থেকে প্রজন্ম চত্বরে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ। সেই ঘোষণা অনুযায়ী গত বুধবার কামারুজ্জামানের রায়ের তারিখ ঘোষণার পর পরই প্রজন্ম চত্বরে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। সেই থেকে রায় ঘোষণা পর্যন্ত টানা অবস্থান চলে। গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা মারুফ রসুল বলেন, আজকের রায় মুক্তিযুদ্ধের চেতনার আরেকটি বিজয়। ছাত্র ইউনিয়ন সভাপতি এস এম শুভ বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যাদের বিচার হচ্ছে তাদের পাপের ভার এত বেশি যে, একবার মৃত্যুদণ্ড হলে খুব কম হয়। এ কারণে সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজা ছাড়া অন্য কোন রায় মানবে না জনগণ। ছাত্র মৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের দল জামায়াত-শিবির নিষিদ্ধ করা এই মুহূর্তের বড় দাবি। বর্তমানে মঞ্চ না থাকলেও রাস্তায় আলপনা করে সেখানে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতারা। বুধবার বিকাল চারটা থেকে শুরু হয় এই অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচিতে আগের মতো শ্লোগান, গণসংগীত ও আবৃত্তির মাধ্যমে একাত্তরের মানবতাবিরোধীদের শাস্তির দাবি তোলা হচ্ছে। এদিকে, আজ শুক্রবার বিকালে গাজীপুর চৌরাস্তায় গণজাগরণ মঞ্চের সমাবেশ হবে। এ ছাড়া ২০ মে ময়মনসিংহ এবং ৩১ মে প্রজন্ম চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।