হত্যাকাণ্ডের জন্য খালেদা জিয়া হবেন হুকুমের আসামি :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ৫ মে রাজধানীতে হেফাজতের অবস্থান কর্মসূচি চলাকালে তার নির্দেশে ধ্বংসযজ্ঞ, হত্যা ও পবিত্র কোরআন শরীফ পোড়ানো হয়েছে। ওইদিন অরাজকতা সৃষ্টি করে হেফাজত ও আলেমদের কাঁধে ভর করে উনি ক্ষমতায় যেতে চেয়েছিলেন। তিনি বলেন, হেফাজতের কর্মসূচির দিন যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে, পবিত্র কোরআন পুড়িয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। প্রত্যেককে ধরা হবে। একজনকেও ছাড় দেয়া হবে না। আর এ ঘটনায় হুকুমের আসামি করা হবে বিরোধীদলীয় নেতাকে। গতকাল বৃহস্পতিবার গণভবনে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মতিঝিলে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে আড়াই হাজার মানুষ হত্যার অভিযোগ খণ্ডন করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের নেতারা আড়াই হাজার মানুষ হত্যা করা হয়েছে বলে গলাবাজি করছেন। বিরোধী দল গুজব ছড়িয়ে বলছে সেই লাশ গেল কোথায়। কিন্তু তারা কী এর হিসাব দিতে পারবেন? প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে আরো বলেন, ৩০ মিনিটে আড়াই হাজার মানুষ হত্যা করতে কত গোলাবারুদ দরকার হয়? কত গুলি খরচ করা লাগে? আর এতে কত মানুষ আহত হতে পারে? তাহলে আহতরাইবা গেল কোথায়? এই দাবি যদি সত্যি হয় তাহলে আহত ব্যক্তিরা কোথায় ভর্তি হয়ে চিকিত্সা নিচ্ছেন? তিনি বলেন, হেফাজত গত ৫ মে একটি জায়গায় জড়ো হয়ে সমাবেশ করতে চাইলে আমরা সে সুযোগ তাদের দিয়েছিলাম। কথা ছিল আছরের নামাজের পর মোনাজাত শেষ করে তারা চলে যাবেন। কিন্তু শুনেছি বিএনপি নেত্রী নাকি তাদের বলেছিলেন থেকে যেতে হবে। আর একটা রাত থাকলেই নাকি সরকার পড়ে যাবে। এ নিয়ে সারাদেশের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয় তাদের বুঝিয়ে সেখান থেকে বের করে নিয়ে যেতে। মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ স্থানে থাকা চলবে না। ওই স্থান ত্যাগ করে চলে যেতে হবে। কেউ যদি স্বেচ্ছায় চলে না যায় তাহলে কী ১০ মিনিটে ওই জায়গা খালি করা যায়? তিনি বলেন, বিএনপির মতো আওয়ামী লীগের মানুষ হত্যা করে গায়েব করার অভ্যাস নেই। বরং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সশস্ত্র বাহিনীতে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে মৃতদেহ গায়েব করেছিলেন। বিরোধী দলের নেতাকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় যেভাবে নির্বাচন হয় সেভাবেই আগামী নির্বাচন হবে। দুইটি বাড়িঘর পুড়িয়ে, রাস্তা ভেঙ্গে মনে করছেন কেউ উনাকে (খালেদা) ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু তা সম্ভব হবে না। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আমাদের উত্খাত করতে চাইবেন, আর আমরা কী বসে থাকব? তা হবে না। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্যর্থ হয়ে এখন উনি আবার পুরোনো ফ্যাশন হরতালের রাজনীতিতে ফিরে গেছেন। প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এদেশের মানুষ ধর্মপ্রাণ। প্রত্যেক মানুষের ধর্মীয় অধিকারে বিশ্বাস তারা। কিন্তু বিএনপি-জামায়াত রাজনৈতিক ফায়দার জন্য ধর্মকে ব্যবহার করছে। তারা ধর্মীয় ব্যাপারে উস্কানি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। খালেদা জিয়াকে নিষ্ঠুর হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, জনগণের কাছে আমাদের রাজনৈতিক কর্মীরা খালেদা জিয়ার মতো এত নিষ্ঠুর নয়। বিরোধী দলে থাকতে আমরাও হরতাল ডেকেছিলাম। কিন্তু কখনো এভাবে মানুষ হত্যা বা সরকারি সম্পত্তি ধ্বংস করিনি। বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে মাগুরা স্টাইলের নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি উঠেছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিএনপি নেত্রীর বর্তমান অবস্থান পরিষ্কার নয়। ফেনী জেলার উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়নে বিশ্বাসী। তিনি বলেন, গত নির্বাচনে এই জেলায় আওয়ামী লীগ দলীয় সকল প্রার্থী পরাজিত হওয়ার পরও সরকার এর উন্নয়নে যথাযথ গুরুত্ব দিচ্ছে। সরকারের সকল কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে এবং আগামী নির্বাচনে জয়লাভের জন্য একসঙ্গে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সতীশচন্দ্র রায়, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইকবাল সোবহান চৌধুরী, ফেনী জেলা শাখা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।