সাফল্যের ধারা বজায় রেখে খুশি মতিঝিল আইডিয়াল
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:৩৬
আলো ঝলমলে সকাল। অস্থির কিছু চোখ। মায়াভরা মুখের ছড়াছড়ি। সবাই অপেক্ষায়। কখন ফল প্রকাশিত হবে। অবশেষে অপেক্ষার পালা শেষ। বিদ্যালয়ের মূল ফটকে টাঙানো হল পরীক্ষার ফল। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। হাসি-গানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের আঙিনা। গতকাল এমনই ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চিত্র। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এসএসসি পরীক্ষায় সাফল্যের দিক থেকে ঢাকা বোর্ডের এই বিদ্যালয়টি এবার প্রথম স্থান পেয়েছে। বিগত দুই বছর তৃতীয় স্থানে ছিল বিদ্যালয়টি।
এ বছর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের ১১৯৫ জনই পাস করেছে। একজন শিক্ষার্থী পাস করতে পারেনি। পাসের হার ৯৯.৯২ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ১০৭৯ জনই সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছে।
বিজ্ঞান বিভাগে ৯৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯১৭ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন।
গত দুই বছরের তুলনায় এ বছর স্কুলটির জিপিএ-৫ পাওয়ার পরিমাণ বেড়েছে। ২০১২ সালে পাসের হার ছিল ৯৯.৯৯ শতাংশ। ২০১১ সালে ৯২১ জনের মধ্যে জিপিএ-৫ ৭৪২ জন। ২০১২ সালে ৯১৫ জনের মধ্যে জিপিত্র-৫ পেয়েছিল ৭৮০ জন।
শাখাওয়ারি পরিসংখ্যান আইডিয়াল স্কুলের তিনটি শাখার মধ্যে মতিঝিল শাখা ৪১৬ জন বালক ও ২৩০ জন বালিকাসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সবাই পাস করেছে। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮৬ জন।
বনশ্রী শাখা থেকে পরীক্ষায় অংশ নেয়া ৪৫৬ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০৭ জন। এর মধ্যে ৩১১ জন বালক ও ১৪৫ জন বালিকা। বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে ৩৫৪ জন ও ব্যবসায় শিক্ষায় ১০২ জন।
ইংরেজি মাধ্যম থেকে ৪৭ জন বালক ও ৪৭ জন বালিকাসহ মোট ৯৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯২ জন জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে ৮৪ জন বালক ও ৮ জন বালিকা। বিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহানারা বেগম জানান, নিয়মিত পাঠদান ও তদারকি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের পড়ালেখার অবস্থা নিয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করার কারণেই ফলাফল ভালো হয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রোহেল মল্লিক জানায়, সে দৈনিক ৬ ঘণ্টা পড়ালেখা করত। ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান রয়েছে।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আফরা আনামের মা রোকেয়া বেগম বলেন, ভালো ফলাফলের জন্য প্রাইভেট শিক্ষকের ওপর নির্ভর না করেই বাড়িতেই মেয়ের লেখাপড়ার দিকে লক্ষ্য রেখেছি। মেয়ের ভালো ফলাফলে আমি আনন্দিত ও গর্বিত।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া আরেক শিক্ষার্থী সেলিম রহমান বলেন, ‘নিজের ফলাফলে আমি খুব খুশি। এবার স্বপ্ন পূরণের দিকে একধাপ বেশি এগিয়ে থাকলাম।’
অধ্যক্ষের বক্তব্য :মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহানারা বেগম বলেন, আমার স্কুল প্রথম হয়েছে। গতবারের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়ার পরিমাণও বেশি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফল অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, ভালো ফলাফল করতে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দুর্বলতা কাটাতে ঘন ঘন পরীক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়া অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত বৈঠকের ব্যবস্থাও করা হয়। স্কুলে সিলেবাস তৈরি করে সে অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করা হয়। মূল্যায়ন করা হয় শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতির দিকেও।