২০ দলীয় জোট থেকে অনেকে পালাতে শুরু করেছে :তথ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০ দলীয় জোট থেকে শরিক রাজনৈতিক দলগুলো পালাতে শুরু করেছে। আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বিজেপি ইতোমধ্যে ভুল সিদ্ধান্তের কারণে জোট ত্যাগ করেছে এবং আরো অনেকে জোট ত্যাগ করার প্রক্রিয়ায় রয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১০৯তম জন্মবার্ষিকী’ উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘নেতৃত্বে পরিবর্তন এনে সন্ত্রাসী দল থেকে জনমুখী দল হতে পারে বিএনপি।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির প্রধান তারেক রহমান, যিনি লন্ডন থেকে মাঠের কর্মীদের নির্দেশ দেন, তিনি দুর্নীতির দায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত, ২১ আগস্টে গ্রেনেড হামলায় অভিযুক্ত। তার নেতৃত্বে কোনো দল পরিচালিত হওয়ার কথা নয়। তার নেতৃত্বেই বিএনপি আজ সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। তথ্যমন্ত্রী এ সময় ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা চট্টগ্রামের প্রীতিলতা ওয়াদ্দেদারকে পরম শ্রদ্ধায় স্মরণ করে বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন পরিচালনা ও প্রাণ উত্সর্গ করার মধ্যেই জীবনের সার্থকতা। যখন মেয়েরা ঘরের বাইরে যেত না, সেই সময় প্রীতিলতা বিপ্লবী দলে যোগ দেন এবং দেশের মুক্তির জন্য নিজের প্রাণ উত্সর্গ করেন। তাই প্রীতিলতার জীবনীগ্রন্থ আমাদের বেশি বেশি পড়তে হবে। রাজনীতি যে একটা মহান আদর্শ, সেই আদর্শের জন্য প্রয়োজনে দেশের তরে জীবনও বিসর্জন দিতে হয়, প্রীতিলতা আমাদের সেই শিক্ষাই দেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, শেখ নওসের আলী, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন।