সমস্যা উত্তরণে সংলাপ জরুরি

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বর্তমান ঘটনাপ্রবাহ গঠনমূলক সংলাপে রূপ নেবে। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আমরা খোঁজ-খবর রাখছি। সংবাদপত্রের মাধ্যমে সব জেনেছি। সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে সংলাপ খুবই গুরুত্বপূর্ণ। গতকাল বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। রাষ্ট্রদূত জানান, আগামী ১৭ মে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। এটিই হবে তাদের প্রথম বৈঠক। এ বৈঠকে দ্বিপাক্ষিক সব ইস্যু নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা অব্যাহত রাখাসহ সব বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। ড্যান মজীনা বলেন, ১৯৭২ সালে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এখনই সবচেয়ে উষ্ণ, গভীর ও শক্তিশালী। দুই পররাষ্ট্রমন্ত্রী আসন্ন বৈঠকের পর এই সম্পর্ক আরো সম্প্রসারিত হবে। এজন্য আমি খুবই আলোড়িতবোধ করছি। রাষ্ট্রদূত সাভার ট্র্যাজেডি, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাত্ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। রাষ্ট্রদূত মজীনা বলেন, ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আনন্দিত। তিনি বলেন, সরকারি ও বিরোধী দল সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সকল রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের উল্লেখ করে তিনি বলেন, সহিংসতা কোন সমস্যার সমাধান দিতে পারে না এবং এটা কারো জন্য সুখকর নয়। তাই সংলাপের মাধ্যমে এ সমস্যার সমাধান করা উচিত। স্পিকার বলেন, স্পিকার হিসাবে শপথ গ্রহণের পর থেকেই আমি গণমাধ্যমের মাধ্যমে বিরোধী দলকে সংসদে যোগদানের জন্য অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছি। আশাকরি বিরোধী দল আসন্ন গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশনে যোগদানের মাধ্যমে সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংসদীয় গণতন্ত্রে সংসদ হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সংসদীয় গণতন্ত্রে মতপার্থক্য থাকবে। কিন্তু যেকোন আলোচনার জন্য সংসদই উপযুক্ত স্থান। রাষ্ট্রদূত সংসদে ইউএস এইড-এর সহায়তায় পরিচালিত প্রদীপ প্রকল্পের মাধ্যমে জাতীয় সংসদকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেন এবং এ ধরনের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রীতি ও পদ্ধতির উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।