চার সিটি মেয়রের একযোগে পদত্যাগ

নির্বাচনে অংশ নিতে একযোগে পদত্যাগ করলেন আওয়ামী লীগ সমর্থিত চার সিটি করপোরেশনের মেয়র। গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী বরাবর তারা তাদের পদত্যাগপত্র জমা দেন। এরা হলেন-রাজশাহীর খায়রুজ্জামান লিটন, খুলনার তালুকদার আবদুল খালেক, বরিশালের শওকত হোসেন হিরন ও সিলেটের বদরুদ্দিন আহমদ কামরান। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় রাতে ইত্তেফাককে জানান, চার সিটি মেয়রের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী মেয়র দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) দৈনন্দিন কাজ পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। প্রসঙ্গত রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১২ মে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আইনানুযায়ী বর্তমানে পদে থেকে পুনরায় নির্বাচন করার সুযোগ না থাকায় এই চার সিটি মেয়র পদত্যাগ করলেন। ২০০৮ সালে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ মে ‘মেয়র পদ একটি লাভজনক পদ’ বলে রায় দেয় হাইকোর্ট। একই বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ জাতীয় সংসদে পাস হয়। ওই আইনের ৯ এর (২)(ঙ) ধারা অনুযায়ী মেয়র পদে থেকে কোন ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে পুনরায় মেয়র প্রার্থী হিসাবে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবেন। পদত্যাগ করে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে কাউন্সিলর পদধারীগণ লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত নন বিধায় তাদের পদত্যাগ না করে প্রার্থী হতে আইনগত কোন বাধা থাকবে না। এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, এ জন্য চার সিটির বর্তমান মেয়ররা নির্বাচনে অংশ নিতে চাইলে আগামী ১২ মের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তা না করে কেউ মনোয়নপত্র দাখিল করলে আইন অনুযায়ী তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। গত ৩০ এপ্রিল ঘোষিত চারটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ মে, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ও ১৬ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। আগামী ২৭ মে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।