উত্তরপত্র মূল্যায়নের উদার নীতি ও জেএসসির চর্চা
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:৩৯
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। প্রতিবছরই বাড়ছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। সংশ্লিষ্টরা বলছেন, পাসের হার বাড়লেও শিক্ষার মান বৃদ্ধি নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। একাধিক শিক্ষক এই প্রতিবেদককে জানান, মান বৃদ্ধির চেয়ে পাসের হার অনেকে বেড়েছে। পাস করা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়ার মাধ্যমেই এর প্রমাণ পাওয়া যাবে। শিক্ষকরা বলেন, পরীক্ষার উত্তরপত্র উদারদৃষ্টিতে দেখার জন্য বোর্ডগুলোর পক্ষ থেকে অলিখিত নির্দেশনা ছিল। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা প্রধান পরীক্ষকের মাধ্যমেই খাতা দেখার জন্য এ নির্দেশনা দেয়া হয়েছিল। তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বিভিন্ন শ্রেণীতেও খাতা দেখার ক্ষেত্রে উদার হতে নির্দেশ দিয়েছেন। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ, যা গতবারের চেয়ে ২ দশমিক ৭১ শতাংশ বেশি। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৬ দশমিক ৩২ শতাংশ। ২০১১ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ১৬ শতাংশ। ২০১০ সালে পাসের হার ছিল ৭৯ দশমিক ৯৮ শতাংশ।
শিক্ষকরা বলছেন, খাতা উদার দৃষ্টিতে দেখার পাশাপাশি পাসের হার বৃদ্ধিতে আরো একটি বিষয় কাজ করেছে। এ প্রসঙ্গে তারা বলেন, এবার যারা এসএসসি বা সমমানের পরীক্ষা দিয়েছে, তারা দুই বছর আগে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সেই থেকে তাদের পাবলিক পরীক্ষায় অংশ নেয়ার চর্চা তৈরি হয়েছে। যার ফলে পরীক্ষার ভীতি কমেছে। এ কারণে পাসের হার বেড়েছে। শিক্ষকরা বলেন, যারা জেএসসিতে পাস করেছে তারাই নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে। কোন অনুত্তীর্ণ শিক্ষার্থী নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পায়নি।
শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও মন্তব্য করেন যে, জেএসসি এবং জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা সঞ্চয় করে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফল করেছে। পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিকের পরীক্ষার এই ফলের মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষার অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে। গুণ ও মানের দিক থেকে এবার শিক্ষার্থীরা আগের তুলনায় ভাল করেছে। এবার ২১টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জানার সুযোগ বৃদ্ধি করতে ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে, যাতে তারা শিক্ষার্থীদের সৃজনশীল পাঠদান করতে পারেন। এতে শিক্ষার্থীদের নোট বই পড়া ও নকল করে পাস করা অতীত হয়ে গেছে। মন্ত্রী বলেন, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পড়াশোনার জন্য মোবাইল ল্যাবরেটরি, আকর্ষণীয় বিজ্ঞান পাঠ্যপুস্তক সরবরাহ এবং শিক্ষকদের বিদেশে প্রশিক্ষণের ফলে বিজ্ঞানের শিক্ষার্থীরা সবদিক থেকে ভাল ফল করেছে। ৪৫ হাজার স্কুলকে আলাদা করে সেখানে অতিরিক্ত ক্লাস নেয়া হয়েছে। তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে যেমন এই বোর্ডের ফল আগের চেয়ে ভাল হয়েছে, তেমনি কারিগরি শিক্ষার ওপর জোর দেয়ায় সেখানে ছয়গুণ শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। তিনটি নতুন প্রকল্পের মাধ্যমে কারিগরির শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন রকম সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। নম্বর বেশি দেয়ায় পাসের হার বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এই অভিযোগ মোটেই সঠিক নয়। বরং আজকের শিক্ষার্থীরা অনেক বেশি পড়ে-জানে।
মন্ত্রী বলেন, হরতালের কারণে ৫ দিনে ৩৭টি পরীক্ষা পিছিয়ে গেছে। হরতালের কারণে শিক্ষার্থীরা হতাশা এবং মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিয়েছে। এতে তাদের ক্ষতি হয়েছে। সঠিক সময়ে শেষ করতে পরীক্ষা পিছিয়ে ছুটির দিনে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সঠিক সময়ে ফল দিতে শিক্ষকরা রাত-দিন পরিশ্রম করে খাতা দেখা শেষ করেছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনসহ মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।