খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাজু মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার আলকা একতা সংঘ মাঠের পাশে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। পুলিশ জানায়, ওইদিন রাত ১০টার দিকে আলকা একতা সংঘ মাঠের কাছে দুর্বৃত্তরা রাজুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। গুলি দুটি তার পিঠে ও বুকে লাগে। গুলিবিদ্ধ হয়ে রাজু লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা এ গফুর মেমোরিয়াল ক্লিনিকে নিলে চিকিত্সকরা তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, নিহত রাজু আলকা গ্রামের সাত্তার মোল্লার ছেলে। সে একটি হত্যা মামলার আসামি।