সর্বংসহার শেষ সম্বল

মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘সর্বংসহার শেষ সম্বল’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি, আরও অভিনয় করেছেন সোহান এবং রাজু খান। নাটকের গল্পে দেখা যাবে—‘নিখাদ ও অবিচ্ছেদ্য এক সম্পর্কে আবদ্ধ রাহেলা ও সাধু। বিচ্ছিন্ন জীবনের বিশৃঙ্খলা কখনোই ছন্দপতন ঘটাতে পারে না তাদের নিত্য নৈমিত্তিক সুখে। চার বছরের প্রতিবন্ধী সন্তান সাধুকে নিয়ে ফুটপাতেই রাহেলার সংসার। শ্রীহীন বাস্তবতায় একমাত্র বন্ধু এবং আপনজন কেবল এই সাধু। জীবনের স্বাদ রাহেলার কাছে ক্ষুধা-পিপাসার উর্ধ্বে গিয়ে কেবল তার সন্তানের সান্নিধ্যে। ছোট্ট জলের আধার এই দুজন মানুষের কাছে সমুদ্রতুল্য। ভিক্ষা করেই রাহেলা তার সাধুকে বাঁচিয়ে রাখার তীব্র চেষ্টায় ব্যস্ত প্রতিমুহূর্তে, কিন্তু হঠাত্ সাধুর অসুস্থতায় চিকিত্সার প্রয়োজন দেখা দেয়। যে চিকিত্সার খরচের যোগান রাহেলার ভিক্ষার অর্থে সম্ভব হয়ে উঠে না। এভাবেই এগিয়ে যায় নাটকটি।