মা দিবসে গান নিয়ে মানিক
প্রকাশ : ১১ মে ২০১৩, ১৯:১৯
বিশ্ব মা দিবস উপলক্ষে সাংবাদিক ও কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক গাইলেন চ্যানেল নাইনের ‘মা তোমার জন্যে’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে। বিশেষ এ অনুষ্ঠান প্রযোজনা করেছেন ইরফান মোহাম্মদ আল আমীন। এ ছাড়া, আরটিভিতে আজ সকাল ৯টায় ফরহাদ হোসেন প্রযোজিত ‘প্রিয় শিল্পী প্রিয় গান’ অনুষ্ঠানে রয়েছে মানিকের মায়ের গান ‘রাতের তারা’। একই চ্যানেলে দুপুর ১২টা ৫ মিনিটে সৈয়দ আলী আহসান লিটনের পরিচালনায় ‘বসুধা প্রতিদিনের গান’ অনুষ্ঠানেও থাকছে তার মায়ের গান। এর বাইরে, চ্যানেল সিক্সটিন ও রেডিও আমার ৮৮.৪ এফএম প্রচার করবে মাকে নিয়ে মানিকের গাওয়া বেশ কটি গান।
কণ্ঠশিল্পী হিসেবে আমিরুল মোমেনীন মানিক সার্বজনীনভাবে পরিচিতি পান মূলত তার কথা, সুর ও গাওয়া ‘মা যে দশমাস দশদিন’ গানটি দিয়ে। এরপর ২০১০ সালে তিনি দূরবীন চলচ্চিত্রের ‘রাতের তারা’ শিরোনামের মা বিষয়ক গানটি দিয়ে নতুন করে আলোচনায় আসেন। একই বছর ক্লোজআপ তারকা রাজিব কণ্ঠ দেন মানিকের কথা ও সুরে ‘ও আমার মা লিখছি চিঠি’ শিরোনামের গানে। ২০১২ সালে মানিকের সুর করা ‘মাগো তুমি কেমন আছ’ কথামালার মায়ের গান করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। এ গানটিও শ্রোতানন্দিত হয়। ২০১২ সালে মানিক কণ্ঠ দেন ‘অবশেষে’ টেলিফিল্মের ‘সকল বাড়ির দরজাগুলো বন্ধ হলেও, দরজা খুলে দাঁড়িয়ে থাকতে মা’ গানটিতে। লেজার ভিশন থেকে মানিকের সর্বশেষ প্রকাশিত ভিডিও অ্যালবাম ‘প্রহরী’তে ছিল মায়ের গান।