দামুড়হুদার বিশাল এলাকায় ফাটল, জনমনে চরম আতঙ্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে একটি আমবাগানের মাটিতে প্রায় ৩শ’ ফুট লম্বালম্বিভাবে ফাটল দেখা দিয়েছে। মাটিতে এভাবে হঠাত্ করে ফাটল দেখা দেয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফাটল দেখতে উত্সুখ মানুষ ভিড় করছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জয়রামপুর রেলস্টেশন সংলগ্ন হাটের কাছে জামিল আকতারের আম বাগানে স্থানীয় লোকজন বাগানের মাটিতে শুক্রবার সকালে প্রায় ৩শ’ ফুট লম্বালম্বি ফাটল দেখতে পায়। এলাকাবাসীর ধারণা, এখানে মাটির নীচে গ্যাস থাকতে পারে। গ্যাসের চাপে মাটি ফেটে গেছে। বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা দরকার। ফাটলের একটু দূরের বাসিন্দা হাশেম মিয়া বলেন ,ফাটলের সময় আমরা কেউ টের পাইনি। পরে দেখি আমার ঘরের মাটির বারান্দা ও উঠানের পাশে ফাটলের চিহ্ন দেখা যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি মৃত্তিকাসম্পদ বিভাগকে জানানো হয়েছে। তারা রবিবার ঘটনাস্থলে আসবে।