মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে পাইলটসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটটিতে ৩০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি০৬০। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় দৈনিক মিয়ানমার টাইমস দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ-বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ ফ্লাইটের পাইলটসহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। বিমানবন্দরে বিমান চলাচল আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আশপাশের বিমানগুলোকে থাইল্যান্ডের চিয়াং মাই বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ইয়াঙ্গুন গেছে।