হরতালের অজুহাতে কাটা গাছের টাকা
নেতাদের পকেটে !
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৩০
জয়পুরহাট পাঁচবিবি উপজেলাতে হরতাল নামে বিভিন্ন রাস্তার শতাধিক গাছ কেটে রাস্তায় অবরোধ তৈরি করা হয়। পরবর্তীতে সেই গাছগুলো আত্মসাত্ করে রাজনৈতিক নেতা-কর্মীরা। ঐ সময় পাঁচবিবি উপজেলার পাঁচবিবি-হিলি সড়কে ১৪টি, বেড়াখাই-নন্দিগ্রাম সড়কে ৭৩টি, বাগজানা-ঘোড়াপা সড়কে ৫টি, উচাই মিশন-পশ্চিম বাজিতপুর সড়কে ৬টি, বাজিতপুর-মাঝিনা সড়কে ১১টি, পাঁচবিবি-কড়িয়া সড়কে ১৮টি গাছ কাটা হয়েছে। বন বিভাগের নিয়ন্ত্রণাধীন ১২০টি গাছ কাটা হয়েছে যার মূল্য ৪ লক্ষাধিক টাকা। এর মধ্যে বন বিভাগ ১৬টি গাছ উদ্ধার করতে সক্ষম হয়েছে। বন বিভাগের জেলা কর্মকর্তা আব্দুর রহিম জানান, এ ব্যাপারে বন বিভাগ থানায় মামলা করেছে। এছাড়াও এলজিইডি, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, টিএমএসএস, প্রশিকার নিয়ন্ত্রণাধীন লাগানো শত শত গাছ অবরোধ চলাকালীন নিধন করা হয়। এসব গাছের কোন খোঁজ-খবর মিলেনি। গাছ কাটার ব্যাপারে এলজিইডি নির্বাহী প্রকৌশলী লুত্ফর রহমান বলেন, গাছ কাটার কোন হিসাব আমার কাছে নেই।