ছাতকে ১৪৭টি নলকূপ স্থাপনের হদিস নেই

ছাতকে ১শ’ ৪৭টি নলকূপ স্থাপনের কোন হদিস পাওয়া যাচ্ছে না। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে দায়ী করেছেন। সরকারি বরাদ্দ প্রাপ্ত এসব নলকূপের বিষয় নিয়ে গত ৩১ মার্চ উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ব্যাপক আলোচনা হয়। ২০১০-১১ অর্থ বছরের এ নলকূপগুলো কোথায় স্থাপন করা হয়েছে এবং কি অবস্থায় রয়েছে এর প্রতিবেদন দাখিল করার জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে বার-বার তাগিদ প্রদান সত্ত্বেও তিনি প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছেন। এ ব্যাপারে ৮ মে উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল আলিমের বিরুদ্ধে নলকূপ ও নলকূপ স্থাপনের টাকা আত্মসাতের ব্যাপক অভিযোগ রয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না জানান, নলকূপের বিষয় নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।।