পরকীয়ায় বাধা

প্রেমিকের সহায়তায় স্বামীকে গলা কেটে হত্যা

সিলেটের সীমান্ত এলাকা কানাইঘাট উপজেলার বাউরভাগ দ্বিতীয় খন্ড গ্রামে এবার পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ফারুক আহমদকে (৩০) হত্যা করেছে স্ত্রী হোসনা বেগম (২৮) ও তার প্রেমিক। হত্যাকাণ্ডের দুইদিন পর গতকাল বুধবার ভোরে সেপটিক ট্যাংকির ভেতর থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়। চার সন্তানের জননী হোসনাকে গ্রেফতার করেছে পুলিশ।

কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, পরকীয়ায় বাধা দেওয়ায় ফারুক আহমদকে তার স্ত্রী হোসনা বেগম ও পরকীয়া প্রেমিক মোস্তফা মিলে রবিবার দিবাগত রাতে জবাই করে হত্যা করে। এরপর তার লাশ পার্শ্ববর্তী গোরকপুর গ্রামের প্রবাসী মাসুক আহমদের সেফটিক ট্যাংকিতে ফেলে দেওয়া হয়। মঙ্গলবার আটক করা হয় হোসনাকে।

পুলিশের কাছে হোসনার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গতকাল ভোরে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।