গুয়েতেমালার সাবেক সামরিক শাসক মন্টের ৮০ বছর কারাদণ্ড
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৪৬
গুয়েতেমালার সাবেক সামরিক শাসক এফ্রেইন রায়স মন্টকে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। তিন বিচারকের সমন্বয়ে গঠিত একটি ট্রাইব্যুনাল শুক্রবার ৮৬ বছর বয়সী মন্টকে ৮০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।
ক্ষমতায় থাকা অবস্থায় ১৯৮২-৮৩ সালে ইক্সিল মায়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১৭শ’ ৭১ জনকে হত্যার আদেশ দেয়ার জন্য মন্টকে অভিযুক্ত করা হয়েছিল। বামপন্থি বিদ্রোহীদের সহযোগিতা করার অভিযোগে হতাহতদের ওপর সেনাবাহিনীর ভয়ংকর নিপীড়নের বর্ণনা দিয়েছেন বেঁচে যাওয়া কয়েকজন প্রত্যাক্ষদর্শী। শুক্রবার আদালতে এসব অভিযোগ অস্বীকার করে মন্ট বলেন, তিনি গণহত্যার আদেশ দেননি এবং এ সর্ম্পকে তিনি কিছুই জানতেন না।
গণহত্যার জন্য কোনো শাসকের নিজ দেশের আদালতে শাস্তি পাওয়ার এটিই প্রথম ঘটনা। মন্টকে গণহত্যার অপরাধে ৫০ বছর এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ৩০ বছরের জেল দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বয়সের কারণে আদালতের এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করার সুযোগ পাবেন। এদিকে, মন্টের সাথেই বিচারাধীন থাকা দেশটির সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মাওরিকো রড্রিগুয়েজ সানচেজকে নির্দোষ বলে রায় দিয়েছে আদালত।