ভারতীয় হাইকমিশনারের কুমিল্লা স্থলবন্দর পরিদর্শন

কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। ভারতীয় হাইকমিশনার বলেন, আমি নতুন এসেছি, তাই বন্দরগুলো ঘুরে দেখছি। বিবির বাজার স্থলবন্দরটি একটি গুরুত্বপূর্ণ বন্দর। এ বন্দর ব্যবহার করে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে।

গতকাল বুধবার দুপুরে বন্দরের পোর্ট অপারেটর প্রতিষ্ঠান বেক্সিমকো লি. এর কার্যালয়ের সামনে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এরপর ভারতীয় হাইকমিশনার ল্যান্ড পোর্ট অপারেটরস কর্মকর্তা, বিবির বাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন ও ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, ল্যান্ড পোর্ট অপারেটরস-এর সিইও মো. কবিরুজ্জামান উপস্থিত ছিলেন। পরে হাইকমিশনার বন্দরের বাংলাদেশ অংশের বিবির বাজার স্থলবন্দর ও ভারতের অংশের শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন করেন।