গার্মেন্টস কর্মীরা অ্যাডিডাসকে এসএমএস পাঠাতে পারবেন

এশিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে কর্মীরা তাদের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে মনে করলে সরাসরি অ্যাডিডাস সংস্থার কাছে এসএমএস পাঠাতে পারবেন। এটা হলো জার্মানির প্রখ্যাত স্পোর্টস সামগ্রী তৈরির প্রতিষ্ঠানের সর্বাধুনিক প্রকল্প। খবর ডয়চে ভেলে। পাইলট প্রজেক্ট হিসেবে প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালে ইন্দোনেশিয়ায়। সেখানে একাধিক তৈরি পোশাক কারখানায় অ্যাডিডাসের জন্য জামা-কাপড় তৈরি করা হয়। সেসব কোম্পানির কর্মীরা তাদের মুঠোফোন মারফত অ্যাডিডাসকে সরাসরি খবর পাঠাতে পারেন। জানাতে পারেন তাদের অধিকার লঙ্ঘিত হওয়ার কথা। মুশকিল এই যে, বার্তাগুলো সেই স্থানীয় কোম্পানির পার্সোনেল ডিপার্টমেন্টেই পৌঁছবে, যদিও অ্যাডিডাস তা প্রয়োজনে চেক করে দেখতে পারে। দৃশ্যত যেসব কর্মী অভিযোগ করছেন, তাদের নাম ফাঁস হবার কোনো সম্ভাবনা নেই। এছাড়া অভিযোগ গুরুতর দেখলে অ্যাডিডাস স্থানীয় কোনো এনজিওকে গিয়ে খোঁজ- খবর করতে বলতে পারে। অ্যাডিডাসের তরফ থেকে কর্মী ও মালিকপক্ষের মধ্যে ‘যোগাযোগ’ বাড়ানোর কথা বলা হয়েছে। বলা হয়েছে, অ্যাডিডাস ৬৫ জন বিশেষজ্ঞ নিয়োগ করেছে, যারা সারাবিশ্বে অ্যাডিডাসের কন্ট্রাক্টকৃত কোম্পানিগুলোতে গিয়ে সেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা চাক্ষুষ পরীক্ষা করে আসেন।