সংবাদ কণিকা

চীনে কয়লাখনি বিস্ফোরণে নিহত ১২ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজায়ু প্রদেশে কয়লার খনিতে বিস্ফোরণে ১২ জন নিহত ও দুইজন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানায়। প্রাদেশিক কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত মাসে উত্তর-পূর্ব জিলিন প্রদেশে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ১৮ জন নিহত ও ১২ জন আহত হয়। এছাড়া ২০১২ সালে এ ধরনের দুর্ঘটনায় এক হাজার ৩শ’ লোক নিহত হয়। এ ধরনের হতাহতের জন্য দুর্বল নিরাপত্তা পদ্ধতিত্যে দায়ী করা হয়। —বিবিসি ভারতে ১৩ লাখ শিশু বছরে ১৩ লাখ শিশু হারিয়ে যায় ভারতে। তাই হারানো শিশুদের খোঁজ-খবর করার জন্য কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই-এর অধীনে এক বিশেষ সেল গঠনের সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। বলা হয়েছে, পাচারকারীদের সহজ শিকার হয় যেসব শিশু, তাদের এবং তাদের পরিবারের সুরক্ষায় স্থানীয় প্রশাসন এবং পুলিশকে আরো বেশি সক্রিয় ও দায়বদ্ধ হতে হবে। সমাজ বিজ্ঞানীদের মতে, সব থেকে লাভজনক অপরাধমূলক ব্যবসাগুলোর মধ্যে অন্যতম শিশু পাচার। মাদক এবং অস্ত্রশস্ত্র পাচারের মতোই এটাও লাভজনক। অনেকে মনে করেন, শিশু পাচার বন্ধ না হবার অন্যতম কারণ পুলিশের নিষ্ক্রিয়তা। লোভ দেখিয়ে যেসব সংস্থা শিশুদের নিয়ে এসে বিভিন্ন কাজে লাগায়, তাদের ওপর কড়া নজর রাখার সুপারিশ করেছে শিশু অধিকার সুরক্ষা সংক্রান্ত জাতীয় কমিশন। —ডয়চে ভেলে গ্রাহামবেলের রেকর্ডিং সোয়াশো বছরেরও বেশি আগে রেকর্ড করা একটি কণ্ঠস্বর এখন শুনতে কেমন লাগবে? আর সেই কণ্ঠস্বরও যে কারও নয়, টেলিফোনের আবিষ্কর্তা বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহামবেলের! ১৮৮৫ সালে একটি কার্ডবোর্ডের ডিস্কে নিজের গলা সফলভাবে রেকর্ড করেছিলেন এই প্রতিভাবান বিজ্ঞানী। ঐ ডিস্কটি এতদিন ধরে সযত্নে রক্ষিত ছিল আমেরিকার স্মিথসোনিয়ান মিউজিয়ামের আর্কাইভে। কিন্তু হালে ডিজিটাল কনভার্শনের প্রভূত উন্নতি ঘটেছে। ফলে বিজ্ঞানীরা থ্রি-ডি ইমেজিং ব্যবহার করে ঐ ডিস্ক থেকেই আহরণ করে এনেছেন বিজ্ঞানী গ্রাহামবেলের কণ্ঠস্বর, যা সফল হলে আবার বাঙ্ময় হয়ে উঠবে বহু বহু যুগ আগে উচ্চারিত কণ্ঠও। —বিবিসি