সাংবাদিক বিভাসের প্রথম মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশ : ১১ মে ২০১৩, ২২:০৯
ডেইলি ইনডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র রিপোর্টার বিভাস চন্দ্র সাহার প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়েছে।
গত বছরের ১১ মে শুক্রবার সন্ধ্যা ৬টায় ধানমণ্ডির ২ নম্বর রোডের স্টার কাবাবের সামনের রাস্তায় বাসচাপায় নিহত হন সাংবাদিক বিভাস চন্দ্র সাহা। মোটর সাইকেলযোগে অফিসে যাওয়ার সময় মতিঝিল থেকে মোহাম্মদপুরগামী মৈত্রী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-০৪২২) একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিভাস সাহার মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ ক্র্যাব এর সকল কর্মকর্তা ও সদস্য শোক ও প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।