শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণ করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাঙালির প্রেরণার উত্স রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর অনুষ্ঠানকেন্দ্রগুলোতে ছিল রবীন্দ্রনাথের গান, কবিতা ও নাটকের আয়োজন। শ্রোতা-দর্শকরা প্রাণভরে উপভোগ করেন অনুষ্ঠানগুলো।
জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এবার জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য ‘মানবিক বিশ্ব বিনির্মাণে রবীন্দ্রনাথ’। কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় তার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে স্থানীয় প্রশাসন। এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হয়েছে রাজধানীতে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এবং রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক অধ্যাপক সন্জীদা খাতুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রবীন্দ্র স্মারক বক্তা হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণ দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বেগম আকতার কামাল। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও সংগীত বিভাগের চেয়ারপারসন টুম্পা সমদ্দার আলোচনায় অংশ নেন।
বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার প্রদান
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার-২০১৯ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথের বাংলাদেশ : শিক্ষা ও স্বদেশ ভাবনা শীর্ষক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক আনোয়ারুল করীম। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত ভাষণ প্রদান করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানে রবীন্দ্রসাহিত্যে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক সফিউদ্দিন আহমদ, অধ্যাপক বেগম আকতার কামাল এবং রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতিস্বরূপ শিল্পী ইকবাল আহমেদ-কে রবীন্দ্র পুরস্কার-২০১৯ প্রদান করা হয়।