প্রতিবন্ধীদের অর্থ আত্মসাত্

কালীগঞ্জে এনজিওর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক সুবিধা ও রেশন কার্ড করে দেবার নামে স্থানীয় একটি এনজিও এলাকাবাসীর কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রায়গ্রাম ইউনিয়নের সিংগী দুলালমুন্দিয়াসহ বেশ কয়েকটি গ্রাম থেকে প্রতিবন্ধীদের আর্থিক সুবিধা দেয়ার নামে একটি প্রতারক চক্র গত বুধবার থেকে এ পর্যন্ত হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বিদেশি সংস্থা সৌদি আরব সিসিডিবি নামের একটি এনজিও জন্মগত প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের প্রতি মাসে মাথা পিছু ৩ হাজার নগদ টাকা, ৪০ কেজি করে চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি তেল দেবার নামে এক হাজার টাকায় একটি করে ফরম বিক্রি করে। ফরম পূরণের পর তাদের কার্ড দেয়া হবে বলে প্রতারকচক্র তাদের জানিয়েছে। অথচ ওই ফরমে এনজিওটি অফিস ঠিকানা সম্পর্কে কোন তথ্য উল্লেখ করা নেই। এ ব্যাপারে স্থানীয় এনজিও ফোরামের সভাপতি শিবুপদ বিশ্বাস জানান, কোন এনজিও এলাকায় কাজ করতে চাইলে প্রথমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের সংস্থার পে াফাইল এবং তাদের কর্মকাণ্ডের কপি জমা দিয়ে অনুমতি নেবার পর কাজ করতে পারে। কিন্তু এরা কোন এনজিওর লোক নয়। তারা এনজিওর নাম ভাঙ্গিয়ে প্রতারণা করছে ।