প্রেসনোট প্রত্যাখ্যান করেছে বিএনপি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের সরাতে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান সম্পর্কে গত শুক্রবার সরকারের দেয়া প্রেসনোট বিএনপি প্রত্যাখ্যান করেছে। নয়াপল্টনের দলের কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এক সাংবাদিক সম্মেলনে গতকাল শনিবার এ কথা বলেন। বিএনপি বলেছে, এই প্রেসনোটে সরকার দলীয় লোকদের বক্তব্য ফুটে ওঠেছে। আমরা প্রেসনোটে যা চেয়েছিলাম তার কিছুই পাইনি। এই ঘটনার পর থেকে প্রধানমন্ত্রীসহ সরকার দলীয় নেতাকর্মীরা যা বলে আসছিলেন তাই প্রেসনোটে উঠে এসেছে। তাদের বক্তব্যের বাইরে আমরা কিছু পাইনি। দুদু বলেন, ইতিহাসের এমন জঘন্যতম একটি ঘটনা নিয়ে আমরা সরকারের কাছ থেকে এত হালকাসূচক বক্তব্য পাবো তা ভাবিনি। আমরা ঘটনার তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্ত কমিটির দাবি করলেও সরকার এখন পর্যন্ত দেশীয় কোনো তদন্ত কমিটিও করেনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদু বলেন, হেফাজতের নিরীহ আলেমদের ওপর অভিযানে সাদা পোশাকে কারা অংশ নিয়েছে? কতজন নিহত হয়েছে? তা আমরা জানতে চেয়েছি, কিন্তু তা বলা হয়নি। এমনকি অভিযানে অংশ নেয়া সাদা পোশাকের লোকদের সম্পর্কে জাতীয় দৈনিকগুলোতে যা বলা হয়েছে তাদের কথাও বলা হয়নি। ‘সংলাপের আহ্বান অব্যাহত আছে। সংসদে আসেন, আলোচনা করি। সমস্যার সমাধান করি’—প্রধানমন্ত্রীর এমন আহ্বানের বিষয়ে তিনি বলেন, রাস্তায় চোর-ডাকাত রেখে আমাদের আহ্বান করলে তো সব নিয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীকে বলবো, আগে পরিবেশ এবং কেন সংলাপে অংশ নেব তা ঠিক করুন। আমাদের আপত্তি নেই।