রাজনৈতিক দলকে টিভির অনুমতি দেয়া হবে না
প্রকাশ : ১১ মে ২০১৩, ২৩:০৫
কোন রাজনৈতিক দল বা তাদের অঙ্গ সংগঠন, ট্রেড ইউনিয়ন-এর সদস্যকে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্থাপনের অনুমতি দেয়া হবে না। এরূপ বিধান রেখে বেসরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১৩ চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোন একক ব্যক্তি, বিদেশি প্রতিষ্ঠান, যা বিদেশি আইনে নিবন্ধিত ও পরিচালিত বা কোন প্রতিষ্ঠান যা বিদেশি নাগরিকদের মালিকানা দ্বারা পরিচালিত, যে কোন ধরনের দল বা প্রতিষ্ঠান বা জোটবদ্ধ সংগঠন যার রাজনৈতিক উদ্দেশ্য বা সম্পৃক্ততা আছে এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বাধীনতা বিরোধী বা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল বা আছে এমন ক্ষেত্রেও অনুমতি দেয়ার বিধান থাকছে না ওই নীতিমালায়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন খুব শিগগির এ নীতিমালা কার্যকর করে গেজেট জারি হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট টিভি মালিক-পরিচালকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। তাদের গুরুত্বপূর্ণ মতামত নেয়া হয়েছে। উভয়ের সমঝোতার ভিত্তিতে নীতিমালা করা হচ্ছে।
প্রসঙ্গত, ১৯৯১ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল করার অনুমতি দিয়ে আসছে তথ্য মন্ত্রণালয়। কিন্তু এ পর্যন্ত এ বিষয়ে কোন নীতিমালা-বিধি বিধান করা হয়নি। এই প্রথমবারের মতো একটি নীতিমালার আওতায় আনা হচ্ছে বেসরকারি খাতের এই প্রচার মাধ্যমকে। বেসরকারি খাতে ইতোমধ্যে ২৫টি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছে। ২২টি টেলিভিশন চ্যানেল পূর্ণ সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। ৩টি বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার প্রক্রিয়াধীন আছে।
এই নীতিমালার অধীনে তথ্য মন্ত্রণালয়ের প্রদত্ত লাইসেন্স ব্যতিরেকে কোন প্রতিষ্ঠান বেসরকারি টেলিভিশন চ্যানেল স্থাপন কিংবা পরিচালনা করতে পারবে না। সচিব, তথ্য মন্ত্রণালয়ের অনুকূলে পাঁচ লাখ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার-এ জমা দিয়ে লাইসেন্সের জন্য নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনের সাথে ফেরতযোগ্য আর্নেস্টমানি বাবদ তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর দশ লাখ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রদান করতে হবে। এছাড়া বিটিআরসি’র নিয়মানুযায়ী টেলিভিশন স্টেশনের চার্জ/ফি পরিশোধপূর্বক টেলিভিশন স্টেশন ও ইকুইপমেন্ট লাইসেন্স গ্রহণ করতে হবে।
তবে কোন বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিক/পরিচালক একাধিক টেলিভিশন চ্যানেল মালিক/পরিচালক হতে পারবেন না। তবে একই কোম্পানীর অধীনে পৃথক কোন বিশেষায়িত টেলিভিশন যেমন গান, বিনোদন, কৃষি, স্বাস্থ্য, সিনেমা, শিক্ষা, ক্রীড়া’র চ্যানেল করা হলে তার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। নীতিমালায় বলা হয়, ঋণ, বিল এবং কর খেলাপী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং ফৌজদারী অপরাধ বা নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত কোন ব্যক্তি বা কোম্পানি আবেদন করতে পারবে না। সরকার কর্তৃক নির্বাচিত আবেদনকারীদের অনুকূলে লাইসেন্স প্রদানের পর বিটিআরসি প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি বরাদ্দ করবে। লাইসেন্স গ্রহণকালে আবেদনকারী প্রতিষ্ঠানকে এককালীন এক কোটি টাকা তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে মূল কপি মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।
সরকারের অনুমোদন ছাড়া কোন লাইসেন্স বা এর উপর অর্জিত স্বত্ব বা শেয়ার সম্পূর্ণ বা আংশিকভাবে হস্তান্তর করা যাবে না। লাইসেন্স বা চুক্তি সংক্রান্ত সরকারের কোন পাওনা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে বা বিটিআরসি’র তরঙ্গ বরাদ্দপত্রের যেকোন শর্ত ভঙ্গ করলে লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশন ইন্টারনেটের মাধ্যমে কোন ধরনের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করতে হলে সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত বিধি বিধান দ্বারা তা নিয়ন্ত্রণ করা হবে বলে নীতিমালায় বলা হয়।
নীতিমালায় আরো বলা হয়, সম্প্রচারিত বিষয়সমূহের রেকর্ড ৬০ দিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে। নীতিমালায় আরো বলা হয়, সরকার কর্তৃক জারিকৃত বিজ্ঞাপন নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিজ্ঞাপন প্রচার সম্প্রচারিত অনুষ্ঠানসহ মোট প্রচার সময়ের ২০ শতাংশের বেশি হবে না। তথ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিয়ে এ নীতিমালা পালন সাপেক্ষে দেশে ও বিদেশের যে কোন স্থানে যে কোন চ্যানেল শাখা অফিস/সম্প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। নীতিমালায় আরো বলা হয়, বেসরকারি মালিকানায় স্থাপিত টেলিভিশন চ্যানেল দেশে-বিদেশে ধারণকৃত শুধু বিনোদনমূলক ও প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করতে পারবে। তবে সরকার কর্তৃক অনুমোদিত টেলিভিশন সেন্সর নীতিমালা সম্পূর্ণভাবে অনুসরণ করতে হবে। প্রতিটি কেন্দ্রকে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক প্রতিদিন প্রচারিত নির্ধারিত দুটি জাতীয় সংবাদ (একটি বাংলা ও একটি ইংরেজী) বিনামূল্যে প্রচার করতে হবে। এছাড়া দেশে-বিদেশে অনুষ্ঠিত কোন খেলা তথ্য মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদন ছাড়া প্রচার করা যাবে না। এ ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত হারে রাজস্ব প্রদান করতে হবে।
নীতিমালায় বেশকিছু বিষয় উল্লেখ করে এসব বিষয়ে অনুষ্ঠান এবং সংবাদ প্রচার করা যাবে না। বিষয়গুলোর মধ্যে রয়েছে-বলা হয়, দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভাষা-সংস্কৃতি, জনস্বাস্থ্য হানিকর এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী কোন সংবাদ/অনুষ্ঠান বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থী কোন সংবাদ/অনুষ্ঠান, দাঙ্গা, হিংসা, সন্ত্রাস, বিদ্বেষ ও অপরাধ প্ররোচিত করে এমন কোন সংবাদ/অনুষ্ঠান, দেশের কোন সম্প্রদায় বা গোষ্ঠীর আবেগ-অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোন অনুষ্ঠান, যা কোন ধর্ম, জাতি গোষ্ঠী বা সম্প্রদায় সম্পর্কে মানহানিকর মন্তব্য প্রচার করে এবং যা সাম্প্রদায়িকতাকে উত্সাহিত করে, নারী-পুরুষ বৈষম্যকরণ ও শারীরিক অক্ষমতার ভিত্তিতে ঘৃণা বা মানহানি ঘটাতে পারে এমন সংবাদ বা অনুষ্ঠান, অশালীন বা আক্রমণাত্মক কোন রসিকতা/গান/বিজ্ঞাপন/সংবাদ বা সাবটাইটেল সম্বলিত কোন অনুষ্ঠান, যা জনগণের নৈতিকতাকে কলুষিত, দুর্নীতিগ্রস্ত বা আহত করতে পারে এমন কোন অনুষ্ঠান, মানহানিকর উপাদান বা জ্ঞাতসারে মিথ্যা বিষয়াদি রয়েছে এমন সংবাদ/অনুষ্ঠান, আদালত অবমাননার কোনো বিষয় রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, বিচার বিভাগ/ বাংলাদেশ সশস্ত্র বাহিনী/বেসামরিক প্রশাসনের বিরুদ্ধে কুত্সামূলক উপাদান রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, মৌলিক সাংস্কৃতিক মূল্যবোধ ও সদাচরণ পরিপন্থী উপাদান রয়েছে এমন কোনো সংবাদ/ অনুষ্ঠান, বাংলাদেশ দণ্ডবিধির অধীনে আমলযোগ্য কোনো অপরাধে উত্সাহ প্রদান, সাহায্য বা সহায়তা করে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, বন্ধুপ্রতিম দেশসমূহের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে ক্ষতিকর কিছু রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, উচ্ছৃঙ্খলতা, ধ্বংসযজ্ঞ, শিশু-কিশোর অপরাধ বা অপসংস্কৃতিকে আকর্ষণীয় ও উত্সাহিত করতে পারে বা শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে ক্ষতির কারণ হতে পারে এমন কোনো অনুষ্ঠান, শিশুদের জন্য তৈরি অনুষ্ঠানগুলোতে আপত্তিকর ভাষা বা তাদের পিতা-মাতা বা মুরববীদের প্রতি অশ্রদ্ধাজনক কিছু রয়েছে এমন সংবাদ/অনুষ্ঠান, তথ্যের বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন করে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, অন্য কোন আইন দ্বারা বারিত বা অসেন্সরকৃত কোন চলচ্চিত্র বা অশ্লীল অনুষ্ঠান এবং পরিবার ও বৈবাহিক সম্প্রীতির পবিত্রতা ক্ষুণ্ন হয় এমন কোন সংবাদ/অনুষ্ঠান।
আত্মপক্ষ সমর্থনের বিষয়ে নীতিমালায় বলা হয়, বেসরকারি টেলিভিশন চ্যানেল বা লাইসেন্স সাময়িক/চূড়ান্ত বাতিল করার পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। কোন লাইসেন্স স্থগিত বা বাতিল করার পর্যায়ে সরকার আশু ব্যবস্থা গ্রহণ সমীচীন বিবেচনা করলে সংশ্লিষ্ট সম্প্রচারকেন্দ্রের প্রচার বন্ধ বা স্থগিত করার উদ্দেশ্যে উক্ত কেন্দ্রের সম্প্রচার সম্পৃক্ত সকল যন্ত্রপাতি জব্দ করার আদেশ দিতে পারবে। নীতিমালায় আরো বলা হয়, বেসরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেলসমূহ তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করার নিমিত্তে বিদেশি সংস্থার নিকট বৈদেশিক মুদ্রা প্রেরণ করতে পারবে। তবে বৈদেশিক মুদ্রা প্রেরণের জন্য তথ্য মন্ত্রণালয়ের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। প্রসঙ্গত, বেসরকারি মালিকানায় ইতোমধ্যে যে সকল টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠা লাভ করেছে সেগুলোর অনুমোদনের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। তবে এ সকল প্রতিষ্ঠানকে এ নীতিমালা জারির অনধিক ছয় মাসের মধ্যে নীতিমালার শর্তানুসারে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করতে হবে।