হোয়াইট হাউসের পশ্চিম পাশে ধোঁয়া
প্রকাশ : ১১ মে ২০১৩, ২৩:০৬
মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে ধোঁয়া দেখা দিয়েছে। গতকাল শনিবার বাসভবনের পশ্চিমপার্শ্বের নিচতলার ত্রুটিপূর্ণ একটি যন্ত্র থেকে এ ধোঁয়া দেখা দেয়। এ সময় সাংবাদিক এবং ফটোগ্রাফারদের বের হয়ে যেতে বলা হয়। তবে একঘণ্টা পর আবার সবাইকে হোয়াইট হাউসে ফিরে আসতে বলা হয়। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের কিছু হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র মাক্স মিলিয়েন জানান, স্থানীয় সময় সকাল ৭টায় হাউসের প্রথম ফ্লোরের মেকানিক্যাল রুম থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। তিনি বলেন, সতর্কতার জন্যই সবাইকে বের হয়ে যেতে বলা হয়। একঘণ্টা পর সবাইকে ফিরে আসতে বলা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, মেকানিক্যাল রুমের একটি ট্রান্সফরমার অতিরিক্ত গরম হয়ে গেলে ধোঁয়া সৃষ্টি হয়।