বিনা ভিসায় বিমানের কেবিন ক্রুদের বিদেশ ভ্রমণ সুবিধা বাতিল হচ্ছে
প্রকাশ : ১১ মে ২০১৩, ২৩:০৬
জেনারেল ডিক্লারেশনের সুযোগ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু’দের বিদেশ ভ্রমণকে কেন্দ্র করে নানা অভিযোগ উঠেছে। অচিরেই এই সুবিধা বাতিলের উদ্যোগ নিয়েছে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে বৈমানিকদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট এসোসিয়েশন (বাপা) আন্দোলনে নামে। এরপর ১৯৯৮ সালে বাপা’র সাথে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির মধ্যে অন্যতম হচ্ছে, বাপা’র সদস্যরা বিমানের ফ্লাইটে চড়ে নন-অপারেটিং ক্রু হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণে যেতে পারবেন। এ জন্য তাদের কোন ভিসা লাগবে না। আর এই সুযোগ নিয়ে একশ্রেণীর ক্রু শুধু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে একটি জেনারেল ডিক্লারেশন দিয়ে দায়িত্ব পালন না করেও বিদেশ ভ্রমণে গিয়ে দিনের পর দিন অবস্থান করতেন। দেশে ফিরে আসার সময় তাদের অনেকে বিপুল পরিমাণ শুল্কযোগ্য পণ্য সাথে নিয়ে আসতেন বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিককালে এই প্রবণতা বৃদ্ধি পায়। এ নিয়ে বিমানের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন স্টিল কেবিন ক্রু’দের বিদেশ ভ্রমণের এই সুবিধা ‘অনৈতিক’ হিসেবে অভিহিত করেছেন এবং তা বাতিলের উদ্যোগ নিয়েছেন। তিনি তার এই সিদ্ধান্তের কথা বাপা’র নেতৃবৃন্দকে গত সপ্তাহে জানিয়ে দিয়েছেন।