আকামা পরিবর্তনে দুই মাস সময় পাবেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২৩:০৭
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা আগামী দুই মাসের মধ্যে তাদের আকামা পরিবর্তন করতে পারবেন। শুক্রবার রাতে সৌদি সরকারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জেনেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। এমনকি তারা তাদের পেশাও পরিবর্তন করতে পারবেন। আর এই সময়ের মধ্যে কেউ কোনো কাজের ব্যবস্থা করতে না পারলে এবং কেউ ইচ্ছে করলে জরিমানা ছাড়াই দেশে ফিরে আসার সুযোগ পাবেন। এর ফলে সৌদি আরবে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি উপকৃত হবেন। বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের এই দাবিটি পূরণ হওয়ায় তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় এবং সৌদি সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রিয়তোষ সাহা, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর।