রাজনীতিকদের ব্যর্থতায় সামরিক শাসনের ক্ষেত্র তৈরি হয়

সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ‘কারাগারে কেমন ছিলাম ২০০৭-২০০৮’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রাজনীতিবি-দদের ব্যর্থতা এবং অনৈক্যের কারণে দেশে সামরিক শাসনের ক্ষেত্র তৈরি হয়। কিন্তু আমাদের রাজনীতিবিদরা ওয়ান ইলেভেনের নিষ্ঠুর নির্যাতন এবং অগণতান্ত্রিক শাসন থেকে কোনো শিক্ষা নেয়নি। আজকে দেশের যে পরিস্থিতি তাতে ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটবে না, তার কি নিশ্চয়তা আছে। দেশ আজ অন্ধকারে নিমজ্জিত। আলোর দিশা দেখা যাচ্ছে না। সভায় বক্তারা বলেন, রাজনীতিবিদদের ত্যাগে ভাষা আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশের যা কিছু ভালো অর্জন তার পেছনে রাজনীতিবিদদের বিরাট অবদান রয়েছে। কিন্তু আধুনিক সেনাবাহিনীর তরুণ সেনা অফিসাররা রাজনীতিবিদদের হেয় চোখে কেন দেখেন, কেন তাদের দৃষ্টিভঙ্গি এমনভাবে গড়ে উঠল তা ভেবে দেখতে হবে? গতকাল শনিবার দুপুরে ‘উইকলি ইকোনমিক টাইমস’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ১/১১ থেকে কেউ শেখেনি। কিন্তু নির্মম এই অভিজ্ঞতা থেকে কেন আমরা শিক্ষা নেবো না। তিনি বলেন, সামরিক কর্মকর্তারা রাজনীতি বিরোধী। যখনি তারা অভ্যুত্থান ঘটায়, তখন গণতন্ত্রের প্রতি তাদের কোনো দুর্বলতা থাকে না। তারা নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করে। ইচ্ছামতো গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে যায়। এ অবস্থা থেকে সমাজকে মুক্ত করতে হলে সমাজের যেসব সামাজিক শক্তি ও প্রতিষ্ঠান আছে তাদের গণতান্ত্রিক করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে আজকে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, তেমন কিছু ঘটলে (১/১১-এর মতো) কি অবাক হওয়ার কিছু থাকবে? এমাজউদ্দীন বলেন, আজ অনিশ্চয়তার অন্ধকারে পুরো জাতি নিমজ্জিত। আলো দেখতে পাচ্ছি না। যেমন ওয়ান ইলেভেনে নির্যাতনের শিকার হয়েছিলেন ব্যারিস্টার মওদুদসহ অসংখ্য রাজনীতিবিদ। গ্রন্থের লেখক ব্যারিস্টার মওদুদ এমপি বলেন, বাংলাদেশে আর ১/১১ হবে না। আর যদি সেটি হয় তবে তা আওয়ামী লীগের কারণেই হবে। কারণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার সবকিছুই আওয়ামী লীগের। জরুরি অবস্থা জারি করতে হলে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির পরামর্শ করতে হয়। তাই জরুরি অবস্থা জারি করলে তাদেরই করতে হবে। তিনি বলেন, সামরিক বাহিনী সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে দিয়ে জোর করে জরুরি অবস্থা জারি করিয়েছিল। পাতানো নির্বাচন করার জন্য বিরোধীদলকে ১/১১ ভয় দেখানো হচ্ছে। কিন্তু এই ১/১১-এর যারা স্রষ্টা তাদের কোন ধরনের শাস্তি দেয়নি আওয়ামী লীগ সরকার। শাস্তি দেয়াটা উচিত ছিলো যাতে আর ১/১১ না আসে। তিনি বলেন, সামরিক শাসন যাতে না আসে সেজন্য বর্তমান সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে বিশেষ বিধান করে রাষ্ট্রদ্রোহিতামূলক শাস্তির ব্যবস্থা করেছেন। তারপর কেন এত ভয়? তিনি বলেন, দলীয় সরকারের অধীনে এদেশে কোন নির্বাচন হবে না। আমি স্বপ্ন দেখি আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। কারণ যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে। ব্যারিস্টার মওদুদ বলেন, দেশের বড় বড় আইনজীবী যারা বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক মানবাধিকারের কথা বলতো তারা ১/১১-এর সময় নীরব হয়ে গিয়েছিলো। কিন্তু কেন তারা নীরব হয়ে গিয়েছিলো আজো তা জানি না। তিনি বলেন, ওই সরকারের সময় নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সব প্রতিষ্ঠানকে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছিলো। তারা ক্যাঙ্গারু কোর্ট করে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করে এ বিভাগকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে তারা বিএনপিকে দ্বিধাবিভক্ত করেছিলো। কিছু উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তারা চেয়েছিলো মঈনউদ্দিনকে প্রেসিডেন্ট করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১১ মাস কারাগারে থাকতে হয়েছে। তার বিরুদ্ধে ১৪টি দুর্নীতির মামলা হয়েছিলো। সরকারের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা ও মন্ত্রীকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে ওই সময়। কিন্তু তাদের কোন বিচার হলো না। কারণ ১/১১-এর হোতারা নিজেদের বাঁচানোর জন্য সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। বর্তমান সরকার আপস করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের অর্থনীতিসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে মঈনউদ্দিনের খায়েশ ছিলো রাষ্ট্রপতি হওয়ার। যখন এটি পারবে না দেখেছে—তখন ক্ষমতা নামক বলটি রাজনীতিবিদদের কাছে হস্তান্তরের জন্য তারা মরিয়া হলে গেলো। তার জন্য দুই নেত্রীর কাছে হন্য হয়ে ঘুরেছে। এ বলটি কাকে দিয়ে যাবেন? পরবর্তীতে শেখ হাসিনার সঙ্গে সমঝোতা হলো। এই বলটি তাকে দিয়ে যাবেন। এর পরিবর্তে তাদের সময়কার যতো অন্যায়, অবৈধ কাজ হয়েছে তার বৈধতা দিবে। আমরা পরবর্তীকালে বেদনার সঙ্গে দেখলাম বর্তমান সরকার ক্ষমতায় এসে সব কাজের বৈধতা দিলেন। এতোসব অন্যায় অত্যাচার নির্যাতন সবকিছুকে বৈধতা দিলো বর্তমান সরকার এবং ১/১১-এর হোতাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিলেন না। তাদের নিশ্চিন্তে এবং নিরাপদে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিলেন। গত ৪ বছরে ১/১১ সরকারের ধারাবাহিতায় গায়ের জোরে দেশ পরিচালনা করছে সরকার। বইয়ের প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন। এ প্রেক্ষাপটে বইটি পাঠক সমাজ ও গণতন্ত্রের জন্য দিক-নির্দেশনামূলক। গণতন্ত্রকে সুরক্ষার জন্য বইটি দিক-নির্দেশনামূলক। ব্যারিস্টার মওদুদের ১২ দফা অনুসরণ করলে অনেক সংকটের সমাধান হবে। রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর তালুকদার মনিরুজ্জামান বলেন, ব্যারিস্টার মওদুদ জন্মগতভাবে লেখক। তার রয়েছে উন্নত মানবিক গুণাবলী। তিনি তার উপার্জনের একটি অংশ মানবকল্যাণে ব্যয় করেন। এই বইয়ে ১/১১-এর পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু লেখা হয়েছে। কিন্তু একটি বিষয় তিনি লেখেননি, ওই সরকার কিভাবে ক্ষমতায় আসলো। তার বইয়ে তখনকার সরকার কিভাবে ক্ষমতায় আসলো সে সম্পর্কে লেখা থাকলে বর্তমান রাজনীতিবিদরা তা থেকে জ্ঞানলাভ করতে পারতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহবুব উল্লাহ বলেন, একজন মানুষের মধ্যে যে দার্শনিকতা থাকে এই বইতে তারই প্রতিফলন পাওয়া যায়। বইটি থেকে অনেক কিছু জানার ও শেখার আছে। একজন বড় মাপের রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও মওদুদ আহমদকে তথাকথিত রিমান্ডের নামে ব্ল্যাকহোলে নিয়ে যে আচরণ করা হয়েছে তার নিন্দা জানাই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দিলারা চৌধুরী বলেন, বইটি পড়লে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চেহারা ও চরিত্র ফুটে ওঠে। রাজনীতিবিদদের বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছিলো ওই সরকারের আমলে। তিনি বলেন, রাজনীতিতে আর্মির হস্তক্ষেপ রয়েছে। কিন্তু এ হস্তক্ষেপটা সুস্থতার লক্ষণ নয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দুটো দল মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। সৃষ্টি হচ্ছে অচলাবস্থার। তিনি বইতে ১২ দফার উল্লেখ করেছেন। তা নিয়ে প্রধান দুটি রাজনৈতিকদল কাজ করলে এ অবস্থার সৃষ্টি হতো না। দিলারা চৌধুরী বলেন, খালেদা জিয়া ও শেখ হাসিনার মতো বিকল্প নেতৃত্ব বাংলাদেশে তৈরি হয়নি। কিন্তু মনে রাখতে হবে মানুষ মরণশীল। তাহলে বিকল্প নেতৃত্ব তৈরি করা রাজনৈতিক দলের কাজ। ইংরেজি দৈনিক নিউ এইজ সম্পাদক নূরুল কবির বলেন, ব্যারিস্টার মওদুদের মত একজন খ্যাতিমান রাজনীতিবিদের ওপর কতিপয় সেনা অফিসার রিমান্ডের নামে যে দুর্ব্যবহার ও নির্যাতন করেছে তা খুবই দুঃখজনক। এছাড়া রাজনীতি ও রাজনীতিবিদদের সম্পর্কে তরুণ সেনা অফিসারদের যে ধারণা জন্মেছে তা কেন হলো সেটাও ভেবে দেখার বিষয়? তিনি বলেন, বইটিতে রিমান্ড ও জেল পর্বের বিষয় রয়েছে। সেখানে রিমান্ড পর্বটি অনেক দীর্ঘ। সেখানে নির্যাতনের কথা উঠে এসেছে। তাই বইটি পড়ে জেলখানা, হাসপাতাল ও আদালতের অবস্থার যে বর্ণনা দেয়া হয়েছে তা আতকে উঠার মত। কারণ কিভাবে একজন ক্যাপ্টেন বিচারককে ডিকটেক্ট করত? আবার সেই ১/১১ সরকারই স্বাধীন বিচার বিভাগের কথা বলে আসছিলো। এই যদি অবস্থা হয় তাহলে বলব এজন্য কি দেশ স্বাধীন হয়েছিলো? খন্দকার মাহবুব হোসেন বলেন, একটি পত্রিকার জরিপে বলা হচ্ছে দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। কিন্তু প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছেন। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকারের নামে তিনি জনগণকে ধোঁকা দিতে চান। একগুয়েমি আচরণ করে ক্ষমতা চিরস্থায়ী করতে চাইলে পরিস্থিতি ভয়াবহ হবে বলেও তিনি সরকারকে হুঁশিয়ার করে দেন। তিনি বলেন, লেখক মওদুদ আহমদ বইটিতে নিজেকে উম্মুক্ত করে দিয়েছেন। লেখাগুলোতে তার রাজনৈতিক মূল্যবোধ ও পারিবারিক মমত্ববোধ প্রকাশ পেয়েছে। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উইকলি টাইমস সম্পাদক শওকত মাহমুদ বলেন, ব্যারিস্টার মওদুদের বইটি রাষ্ট্র, রাজনীতির জন্য মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ। বইতে অতীতকে বর্তমানের দিকে টেনে এনে ভবিষ্যতের চোঁখ খুলে দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি বলেন, মঈনসহ যেসব সামরিক কর্মকর্তারা ১/১১-এর হোতা এবং ওই সময় যেসব মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে তার জন্য এদের বিচারের মুখোমুখি করা হলে দেশে সামরিক শাসন আসত না। সরকার সংবিধান সংশোধন করে সামরিক শাসন যাতে না আসতে পারে সেজন্য ধারা যুক্ত করেছে। কিন্তু আমি বলি এভাবে সংবিধান সংশোধন করে সামরিক শাসন ঠেকানো যাবে না। প্রকাশনা সংস্থা ইউপিএলের কনসালটিং এডিটর নাজির হোসেন বলেন, মওদুদ আহমদ তার লেখা দিয়ে আমাদের প্রকাশনা সংস্থাকে সমৃদ্ধ করেছেন।