স্বজনরাই শনাক্ত করতে পারছে না

রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধারকৃত লাশগুলো পচে গলে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে লাশ শনাক্ত করা যাচ্ছে না। লাশের জন্য অপেক্ষারত স্বজনরা নতুন কোন লাশ উদ্ধার হলে তারপরেও কাছে যাচ্ছেন। চাইছেন প্রিয় মানুষটির লাশটি।এমনও দেখা গেছে, একটি লাশ দাবি করছে দুই বা ততোধিক পক্ষ। রানা প্লাজা দুর্ঘটনার ১৮তম দিনে গতকাল শনিবার সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা গেছে, উদ্ধারকৃত অনেক লাশই পচে গলে গেছে। ফলে লাশ সনাক্ত করা সম্ভব হচ্ছে না। কোন কোন লাশের মাথা, হাত কিংবা পা নেই। অর্থাত্ কোন গার্মেন্টস কর্মীরই পূর্ণাঙ্গ মৃতদেহ পাওয়া যাচ্ছে না। গতকাল বিকাল পর্যন্ত ২৮টি লাশ উদ্ধার করে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয়। এ সময় স্বজনরা লাশ সনাক্ত করতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়েন। কেউ কেউ পরনের কাপড় দেখে বলে ওঠেন আমার মায়ের লাশ, কেউ বলে উঠেন আমার সন্তানের লাশ, বোনের লাশ। দুই বা ততোধিক পক্ষকেও একই লাশ দাবি করতে দেখা গেছে। এ নিয়ে বিপাকে পড়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। জহির নামে এক বাবার দুই মেয়ে আশা ও রিতা রানা প্লাজার চতুর্থতলায় কাজ করতেন। গতকাল পর্যন্ত মোট ১০৯৪টি লাশ উদ্ধার হলেও তার দুই মেয়ের লাশ পাওয়া যায়নি। গত ১৮ দিন তিনি অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠেই আছেন। তার দুই মেয়ের জন্য দুটি কফিন নিজ দখলে রেখেছেন। ওই কফিনের ওপর তিনি রাত্রি যাপন করেন। গতকাল বিকালে তাকে কফিনের ওপর ঘুমিয়ে থাকতে দেখা গেছে। মেয়ে দুটির লাশ নিয়ে বাড়ি ফিরতে পারেন কীনা সেটাই এখন দেখার বিষয়। বিকালে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আনা একটি লাশ দুই পক্ষ দাবি করেছে এটি তাদের স্বজনদের। দুই পক্ষই দাবি করে এটি তাদের স্বজন নূরজাহানের। সাভার বক্তারপুরের পেয়ারা বেগম পরনের কাপড় দেখে দাবি করেন, এটি তার মেয়ে নূরজাহানের লাশ। এর পর পরই জ্ঞান হারিয়ে ফেলেন পেয়ারা বেগম। পাবনার বেড়া উপজেলার রূপপুর গ্রামের শিবলিও দাবি করেন এটি তার মা নূরজাহানের লাশ। বলেই শিবলি সংজ্ঞা হারান। পেয়ারা বেগম ও শিবলিকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, দেহের বর্ণনা ও প্রাপ্ত তথ্যে মনে হচ্ছে পেয়ারা বেগমের কথা ঠিক। এটি তার মেয়ের লাশ হতে পারে। তবে আরো যাচাই করে প্রকৃত স্বজনের কাছে লাশটি হস্তান্তর করা হবে। প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান এক কর্মকর্তা। রানা প্লাজার তৃতীয়তলার গার্মেন্টস কর্মী রোজিনা আক্তারের (২৩) লাশ শনাক্ত করেন তার খালাতো বোন ময়না। গত শুক্রবার রাতে ধ্বংসস্তূপ থেকে রোজিনার মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। পরনের কাপড় দেখে ময়না রোজিনার লাশ শনাক্ত করেন। গার্মেন্টস কর্মী লিপি আক্তারের (২২) লাশের সন্ধানে তার পিতা আব্দুল মান্নান নওগাঁও পত্নীতলা থেকে এসে বিদ্যালয়ের মাঠে অবস্থান করছেন। মানিকগঞ্জের শিবালয় থেকে আসা স্বপন তার মেয়ে শামসুন নাহার শান্তকে (১৮) খুঁজছেন। সাভার ব্যাংক কলোনীর রাজমিস্ত্রী শহীদুর রহমান তার স্ত্রী রিতা (৩৮) ও কন্যা শারমিনকে (১৮) খুঁজছেন। স্ত্রী-কন্যার ছবি নিয়ে ১৮ দিন ধরে আছেন বিদ্যালয়ের মাঠে। সাভার রেডিও কলোনীর আবুল কালাম তার স্ত্রী মমতাজ বেগমকে (২৮) খুঁজছেন। রানা প্লাজার গার্মেন্টস কর্মী মমতাজের লাশের সন্ধান ১৮ দিন পর্যন্ত পাননি। তিন শিশুকন্যা আম্মু আম্মু বলে ডাকছে। গতকাল পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে ১২৮টি বেওয়ারিশ লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। জুরাইন কবরস্থানে লাশের দাফন করা হয়। অপরদিকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গ থেকে গতকাল পর্যন্ত ১০৬টি বেওয়ারিশ লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এদেরকেও জুরাইন কবরস্থানে দাফন করা হয়। দুই কর্মকর্তা জানান, হয়তো বেওয়ারিশ লাশ হিসাবে জুরাইন কবরস্থানে ঠাঁই হয়েছে অনেকের।