উদ্ধারকাজে বাড়তি সতর্কতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২৩:১২
সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭তম দিনে রেশমাকে জীবিত উদ্ধারের পর থেকে উদ্ধারকাজে আরো সর্তকতা বাড়ানো হয়েছে। উদ্ধার কর্মীরা বলছেন, শাহিনা উদ্ধারের পর ধারণা করা হয়েছিল ধ্বংসস্তূপে আর কেউ বেঁচে নেই। তবে রেশমা উদ্ধারের পর ধারণা পাল্টে গেছে। তাই উদ্ধার কাজে আগের থেকে আরো সতর্কতা বাড়ানো হয়েছে। রেশমার মত আর কেউ যদি ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকে তাহলে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হবে বলে উদ্ধার কর্মীরা জানিয়েছেন। এ কারণে ধ্বংসস্তূপের মধ্যে অক্সিজেন ও আলো-বাতাস প্রবেশ করা হয়েছে। আরো বেশি সুইপিং করা হচ্ছে।
এ ব্যাপারে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী গতকাল শনিবার বলেন, আমরা গত কয়েকদিন প্রায় নিশ্চত ছিলাম যে ধ্বংসস্তূপের নিচে আর কোন জীবিত মানুষ নেই। রেশমা বেঁচে থাকাটা আমাদের ধারণা পাল্টে দিয়েছে। আমরা আরো সতর্কতা বাড়িয়েছি উদ্ধার কাজে। জীবিত ব্যক্তি যদি থেকে থাকে তাকে আমরা জীবিত অবস্থায় উদ্ধার করবো এমন আশা করছি। তিনি বলেন, মেকানিক্যাল পদ্ধতিতে হেভি সরঞ্জাম ব্যবহার করে ধৈর্য, সম্মান ও ধর্মীয় রীতিনীতি মেনে উদ্ধার কাজ পরিচালিত হচ্ছে। মেশিন যে গতিতে চলে উদ্ধার কাজে আমাদের মন সে গতিতে চলেনি। সে কারণে রেশমাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার কাজ শেষ কবে হবে এমন প্রশ্নে তিনি বলেন, সর্বশেষ মৃতদেহটি উদ্ধারের জন্য আমরা তন্ন তন্ন করে খুঁজবো। সেই সঙ্গে আপনারা সকলেই আমাদের সঙ্গে খুঁজে দেখবেন। সেখানে আর কোনো মৃতদেহ আছে কিনা। আমরা যদি দেখি যে আর কোনো মৃতদেহ নেই এরপর আমরা শুরু করবো ধ্বংসাবশেষ সরানোর কাজ।
এদিকে উদ্ধার তত্পরতায় আরো সতর্কতা বাড়ানোর ব্যাপারে কর্নেল শায়েকুজ্জামান বলেন, উদ্ধার কার্যক্রম প্রথম থেকে সতর্কতার সাথে চলছিল। তবে রেশমা উদ্ধারের পর আমরা আরো সতর্ক হয়েছি। ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার কাজ চললেও যদি কোন প্রাণের অস্তিত্ব পাওয়া যায় এমন চিন্তা মাথায় রেখে এখনো সতর্কতার সাথে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া ভারী যন্ত্রপাতি ব্যবহার করলেও পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে। যাতে মৃতদেহগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা যায় এবং জীবিত কেউ থাকলে তাকে অক্ষত বের করে আনা যায়।
তিনি বলেন, উদ্ধারকারী দল ইতিমধ্যে মাটির তলায় বেসমেন্ট পর্যন্ত পৌঁছে গেছেন এবং সেখান থেকে সতর্কতার সঙ্গে স্ল্যাব সরানোর কাজ চালাচ্ছেন। যত দ্রুত সম্ভব বেসমেন্টের স্ল্যাব সরানোর কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে অক্সিজেন যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করছি।
এদিকে উদ্ধার অভিযানের ১৮তম দিন শনিবারে আরো ২৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট লাশের সংখ্যা দাঁড়ালো ১০৯৪ জনে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গতকাল শনিবার পর্যন্ত ৭৮১টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে আরও ১৩৭টি মৃতদেহ। এর মধ্যে ৫৩টি মৃতদেহ স্থানীয় অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এবং হাসপাতালের মর্গে ছিল আরও ৮৪টি। পরিচয় শনাক্ত করতে না পারায় মোট ১৫৬ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে জুরাইন কবরস্থানে।
সাভার অধরচন্দ্র স্কুল মাঠে লাশ হস্তান্তর দায়িত্বে থাকা সাভার থানার ওসি (তদন্ত) আমিনুর রহমান জানান, উদ্ধারকর্মীরা যেসব লাশ উদ্ধার করে আনছেন, সেগুলোর অধিকাংশই গলিত, অর্ধগলিত। ফলে মরদেহ শনাক্ত ও হস্তান্তর করা অসম্ভব হয়ে পড়ছে।
অজ্ঞাত পরিচয়ের লাশের ব্যাপারে ঢাকার জেলা প্রশাসক মো. ইউসুফ হারুন জানান, লাশ শনাক্ত করতে না পারায় লাশে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। পরে কোনো স্বজন লাশের দাবি নিয়ে এলে পরিচয় শনাক্ত করার জন্য এই ডিএনএ একমাত্র প্রমাণ হিসেবে কাজ করবে। ডিএনএগুলো ঢাকা মেডিক্যাল কলেজে সংরক্ষণ করা হয়েছে। এরপর এধরনে ‘অশনাক্ত’ ৭৬টি লাশ গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত দুই ধাপে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে আরো ৮০টি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবারের দাফন করা লাশ নিয়ে মোট ১৫৬টি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হলো।
ফায়ার সার্ভিস ডিফেন্সের উদ্ধার কাজে দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃত লাশগুলি এরই মধ্যে পঁচে বিকৃত হয়ে গেছে। লাশের মুখ দেখে পরিচয় উদ্ধার করার উপায় নেই। বেশিরভাগ লাশের পরিধেয় বস্ত্র ইতোমধ্যে বিবর্ণ হয়ে গেছে। পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনই ভরসা। ক্রমেই দীর্ঘ হচ্ছে অজ্ঞাত পরিচয়ের লাশের তালিকা।
অপর দিকে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচ থেকে এখন যেসব মৃতদেহ পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই বিকৃত হয়ে গেছে। লাশের সঙ্গে পরিচয়পত্র বা মোবাইল ফোন পাওয়া গেলে তার মাধ্যমেই পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। উদ্ধারকাজে নিয়োজিত সেনা সদস্যরা জানান, পেছনের দিকের ধ্বংসস্তূপ টান দিলেই লাশ বের হচ্ছে। লাশ দেখা গেলে ধ্বংসস্তূপ সরানো বন্ধ রাখা হচ্ছে। গতকাল শনিবার ধসে পড়া ভবনের পেছনের একটি অংশ থেকে উদ্ধারকারীরা বেসমেন্টের কাছে পৌঁছে গেছেন।
অপর দিকে রানা প্লাজা ধসের ১৮তম দিনেও শত শত নিখোঁজ অভিযোগ করে তাদের স্বজনরা ঘটনাস্থল রানা প্লাজার সামনেসহ আশেপাশের হাসপাতালগুলোতে ভীড় করছে। নিখোঁজদের স্বজনরা প্রিয় মানুষটিকে জীবিত পাওয়ার আশা ছেড়ে এখন শুধু লাশটি পাওয়ার জন্যই অপেক্ষার প্রহর গুণছেন। স্বজনরা এখন প্রিয় মানুষটি’র জন্য ক্লান্তিহীন সময় পার করছেন। লাশ উদ্ধারের খবর পেলেই অপেক্ষারত স্বজনরা সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন। এছাড়া গতকাল বৃষ্টির কারণে নিখোঁজদের স্বজনরা চরম বিপাকে পড়েন। শতশত মানুষের বৃষ্টি থেকে নিরাপদে দাঁড়াবার জন্য একটু জায়গা মেলেনি। বৃষ্টিতে ভিজেই তারা নিখোঁজ স্বজনদের জন্য অপেক্ষা করেছে। তবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছিল এসব মানুষের জন্য। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাবু টানিয়ে এসব মানুষের জন্য একটু নিরাপদ স্থান তৈরি করেছিল। সেটাও ছিল অপ্রতুল। তারা রানা প্লাজা, সাভার অধরচন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং বিভিন্ন হাসপাতালে ত্রাণ তত্পরতা অব্যাহত রেখেছে। একই সাথে সরবরাহ করেছে খাদ্যদ্রব্য ও ঔষধ সামগ্রীসহ প্রয়োজনী পণ্য দ্রব্য।