নোয়াখালী ছাড়া সারাদেশে আজ জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশ : ১১ মে ২০১৩, ২৩:১২
আজ রবিবার দেশব্যাপী জামায়াতে সকাল-সন্ধ্যা হরতাল। ছাত্রশিবির হরতালের সমর্থনে গতকাল রাজধানীতে ঝটিকা মিছিল বের করে কয়েকটি যানবাহন ভাংচুর করেছে। রামচন্দ দেবের ৬৪তম তিরোধান দিবস উপলক্ষে জামায়াত বৃহত্তর নোয়াখালী জেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে।
একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে জামায়াত হরতাল ডেকেছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের নেতাসহ কারাবন্দি দলের শীর্ষ নেতাদের মুক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ্যাম্বুলেন্স, খাবার গাড়ি এবং ওষুধ সরবরাহসহ জরুরি কাজে নিয়োজিত গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানায়, গতকাল বিকালে তেজগাঁও শিল্পাঞ্চলে নাবিস্কো মোড়ে ছাত্রশিবির জাকির হোসেন ও ফয়সাল মাহমুদের নেতৃত্বে হরতাল সফল করার জন্য ঝটিকা মিছিল বের করে। শিল্পাঞ্চল থানা পুলিশ খবর পেয়ে নাবিস্কো মোড়ে পৌঁছার আগেই শিবির কর্মীরা কয়েকটি যানবাহন ভাংচুর চালায়। তারা যানবাহনের উপর ইটপাটকেল নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। একই সময় ধানমন্ডি শংকর এলাকায় ছাত্রশিবির মিছিল বের করে। পুলিশের ধাওয়ার মুখে মিছিলকারীরা দৌড়ে পালিয়ে যায়। তবে পুলিশ পিছু ধাওয়া দিয়ে দু’জনকে আটক করেছে।