জাতিসংঘের সহকারী মহাসচিবের দিনব্যাপী ব্যস্ততা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সফররত জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো গতকাল শনিবার দিনব্যাপী তত্পরতা অব্যাহত রেখেছেন। দুই শীর্ষ নেত্রী ছাড়াও তিনি বিভিন্ন রাজনীতিক, সম্পাদক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। নির্বাচন নিয়ে দলগুলোর অবস্থান সম্পর্কে অবহিত হন ও বক্তব্য জানতে চান জাতিসংঘের এই কর্মকর্তা। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসাবে ফার্নান্দেজ তারানকো চারদিনের সফরে শুক্রবার দুপুরে ঢাকা আসেন। সঙ্গে রয়েছেন জাতিসংঘ সদর দপ্তরে নির্বাচন সহায়তা ও সংবিধান বিশেষজ্ঞ চার কর্মকর্তা। অস্কার ফার্নান্দেজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত্ করেন। বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন সন্ধ্যায় গুলশান কার্যালয়ে। বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ গতকাল সকালে জাতিসংঘ সহকারি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ এবং বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুক অস্কার ফার্নান্দেজকে বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর নির্যাতন, মামলা, গ্রেফতার নিয়ে বিস্তারিত সচিত্র বিবরণ দেন সন্ধ্যায় গুলশান কার্যালয়ে। এছাড়া জাতীয় পার্টি (এ)-এর প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন। পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ ও মজিবুল হক চুন্নু গতকাল দুপুরে অস্কার তারানকোর সঙ্গে বৈঠক করেন। জাতীয় পার্টি নেতারা বলেন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক বিরোধ দিন দিন বাড়ছে। এই বিরোধ থেকে সংঘাত, সংঘর্ষ, হিংসাও বাড়ছে। তাই সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য দুই প্রধান দলের নির্বাচন জরুরি। দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম গতকাল দুপুরে জাতিসংঘ সহকারি মহাসচিবের সঙ্গে একান্ত বৈঠক করেন। এ বৈঠকে রাজনৈতিক দলগুলোর বিরোধ নিষ্পত্তি ও নির্বাচনী পদ্ধতি নির্ধারণে সংলাপের উপর গুরুত্ব দেয়া হয়। অস্কার ফার্নান্দেজ তারানকো আজ রবিবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা এইচটি ইমাম ও ড. গওহর রিজভী, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। এছাড়া বেশ কয়েকজন রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আরো বৈঠক করবেন তিনি।