বিরোধী দলের প্রতি সংলাপের প্রস্তাব এখনো বহাল আছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো সৌজন্য সাক্ষাত্ করেছেন। গতকাল শনিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে তারানকো দেখা করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী তার দেয়া সংলাপের প্রস্তাবের পর বিরোধী দলীয় নেতার ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়ার কথা উল্লেখ করে বলেন, তার সংলাপের প্রস্তাব এখনো বহাল আছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী উন্নয়নের জন্য অব্যাহত গণতন্ত্রের প্রয়োজনীয়তার কথা বলেন। শেখ হাসিনা বলেন, তার সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। জনগণের ভোটাধিকারের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নাই। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সার্চ কমিটি করে দেয়ার কথা জাতিসংঘ প্রতিনিধিকে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার যা যা করার করছে। বিরোধী দলের ‘সহিংস’ রাজনৈতিক কর্মকাণ্ড এবং গত ৫ মে বায়তুল মোকাররমের সামনে কোরআন শরীফ পোড়ানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জামায়াতে ইসলাম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। সরকার কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না। সাক্ষাত্কালে জাতিসংঘের সহকারী মহাসচিব বলেন, তার সংস্থার মহাসচিব বান কি মুন বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাবের উচ্ছ্বসিত প্রশংসা করে এটাকে ‘সাহসী ও মহত্ উদ্যোগ’ বলে আখ্যায়িত করেছেন। বান কি মুন শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের প্রশংসা করেন বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ওপর গুরুত্বারোপ করে কোনো পূর্ব শর্ত ছাড়া সংলাপের কথা বলেছেন বান কি মুন। জাতিসংঘের সহকারী মহাসচিব সাভারে ভবন ধসের পর উদ্ধার কাজেরও প্রশংসা করেন। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অ্যাম্বাসাডর-এট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। নির্বাচনকালীন সরকারের ধরন নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ও বিরোধী দল বিএনপির মধ্যে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নির্বাচন নিয়ে আলোচনার জন্য চারদিনের সফরে গত শুক্রবার ঢাকায় আসেন অস্কার ফার্নান্দেজ তারানকো। চলতি বছর শেষে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘সংলাপ ও উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে’ জাতিসংঘ প্রতিনিধি এ সফর করছেন বলে জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে।