নির্বাচনকালে মাঝামাঝি কোনো ব্যবস্থা চায় জাতীয় পার্টি (এ)
প্রকাশ : ১১ মে ২০১৩, ২৩:১৪
বিলুপ্ত তত্ত্বাবধায়ক পদ্ধতিও নয়, আবার বর্তমান সরকারের অধীনেও নির্বাচন নয়, এ দুটির মাঝামাঝি কোনো ব্যবস্থা দেখতে চায় জাতীয় পার্টি (এ)। জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে দলীয় এই অবস্থানের কথা জানিয়েছে এরশাদের এই পার্টির একটি প্রতিনিধি দল। গতকাল বিকাল সোয়া তিনটায় সোনারগাঁও হোটেলে তারানকোসহ জাতিসংঘের সফররত প্রতিনিধি দলের সঙ্গে তারা সাক্ষাত্ করেন। প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ও এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি।
বৈঠক শেষে কাজী ফিরোজ রশীদ ইত্তেফাককে বলেন, আমরা কোন পদ্ধতির সরকারের অধীনে এবং কেমন নির্বাচন চাই, জাতিসংঘের সহকারী মহাসচিব আমাদের কাছে তা জানতে চেয়েছেন। জবাবে আমরা বলেছি, সবার অংশগ্রহণে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জাপা। সরকার ও বিরোধী দল উভয়কেই ছাড় দিয়ে মাঝামাঝি কোনো পদ্ধতি খুঁজে বের করে সমস্যা নিরসন করতে হবে। জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, সৃষ্ট সংকটের সমাধানে সংলাপে বসার জন্য সম্প্রতি জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ দুই নেত্রীকে যে চিঠি দিয়েছেন, তা জাতিসংঘের প্রতিনিধিদের আমরা জানিয়েছি।