প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চৌকিদার চোর’ বলে আক্রমণ করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি এই স্লোগান দিতে গিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুর্নীতিবাজ বলা হয়েছে। এই মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের আপত্তির মুখে শেষ পর্যন্ত নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। গতকাল বুধবার সুপ্রিম কোর্টে দেওয়া নতুন হলফনামায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন রাহুল। তার দাবি প্রধানমন্ত্রীকে বিদ্রূপ করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে এবং অসাবধানবশত আদালতের রায়ের সঙ্গে ওই স্লোগান জুড়ে ফেলেছেন। আদালতের বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়, এমন কোনো কাজ করার ইচ্ছা তাঁর নেই। এর আগেও দুঃখ প্রকাশ করে হলফনামা দেন রাহুল গান্ধী। কিন্তু আদালত তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি। তাই শেষ পর্যন্ত নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে তাকে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে কংগ্রেসের দায়ের করা নির্বাচনী বিধিভঙ্গের মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আসামের কংগ্রেস সংসদ সদস্য সুষ্মিতা দেবের মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, নির্বাচন কমিশন যেহেতু অভিযোগের নিষ্পত্তি করে দিয়েছে, তাই এই অভিযোগের আর কোনো ভিত্তি থাকে না। সেনাদের নামে ভোট চাওয়া থেকে শুরু করে রাজীব গান্ধীকে ‘এক নম্বর দুর্নীতিবাজ’ বলাসহ বিভিন্ন মন্তব্যের কারণে মোদি ও শাহের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। এসব অভিযোগ থেকে তাদের অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন। আর ভারতীয় সেনাবাহিনীর নামে ভোট চাওয়াসহ কয়েকটি অভিযোগে ক্লিন চিট দেওয়ার পরই আদালতের দ্বারস্থ হন এমপি সুষ্মিতা।
মোদিকে গণতন্ত্রের কড়া থাপ্পড়
মারতে চান মমতা
লোকসভা নির্বাচন যত এগোচ্ছে রাজনৈতিক বাগযুদ্ধ ততই বাড়ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের কড়া থাপ্পড় দিতে চাই। পুরুলিয়ার জনসভায় মমতা বলেন, নরেন্দ্র মোদি যখন আমার দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করলেন তখন আমি তাঁকে গণতন্ত্রের কড়া থাপ্পড় দিতে চেয়েছি। প্রধানমন্ত্রী একজন মিথ্যাবাদী। দেশের শিশুরা তাঁর কাছ থেকে খারাপ জিনিস শিখছে।
মমতার এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। টুইটারে এক বার্তায় মমতাকে সতর্ক করে তিনি বলেছেন, এই বক্তব্য দিয়ে সব সীমা লঙ্ঘন করেছেন। ভবিষ্যতে প্রশাসনিক বৈঠকের জন্য যখন দুজনের সাক্ষাত্ হবে, তখন যেন লজ্জায় না পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। খবর:আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।