সা ভা র ট্রা জে ডি

ওদের কোনো ভবিষ্যত্ পরিকল্পনা নেই

তিনদিনের মাথায় রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় আক্তার বানুকে। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। ধসের সময় শরীরের উপর ভেঙ্গে পড়ে ভবনের কিছু অংশ। উদ্ধার হওয়ার আগে তিনদিন না খেয়ে চারপাশের লাশের ছড়াছড়িতে অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, আমি ওখান থেকে বেঁচে ফিরতে পারবো সে আশা ছেড়ে দিয়েছিলাম। মুখমণ্ডল জুড়ে সেলাই দিতে হয়েছে। সুস্থ হতে অনেকটা সময় লাগবে। হাসপাতালে তার সজ্জার পাশেই বসেছিলেন স্বামী শহিদুল ইসলাম। সাভারে তার ছোট একটি ব্যবসা রয়েছে যা দিয়ে সংসার চলে না। উপরন্তু এক ছেলে আর এক মেয়ের পড়াশুনা। তাই বাধ্য হয়েই আক্তার বানুকে বেরোতে হয় কাজের সন্ধানে। আক্তার বানু গার্মেন্টসে কাজ করছেন দুই বছর। এখন তাদের দু’জনেরই চোখে-মুখে হতাশা। কীভাবে চলবে অভাবের সংসার আর তাদের সন্তানদের লেখাপড়া! কিছু সাহায্য তারা পেয়েছেন সরকার এবং কয়েকটি এনজিও থেকে। কিন্তু তা কোনোভাবেই উপযুক্ত না বলে জানালেন তারা। উপরন্তু কাজ, ব্যবসা বন্ধ রেখে শহিদুল ইসলামকে থাকতে হচ্ছে অসুস্থ স্ত্রী আক্তার বানুর সাথে। আক্তার বানু জীবনে বেঁচে ফিরলেও এই দুর্ঘটনা তাদের সংসারে নিয়ে এসেছে চরম হতাশা। তাসলিমার বয়স ২১ বছর। তিনি কাজ করতেন রানা প্লাজার সাততলার গার্মেন্টসে। পিলার ধসে পড়ে তার উপর। দুর্ঘটনার রাতে উদ্ধার হয়েছেন তিনি। ফরিদপুরের মেয়ে তাসলিমা। বৃদ্ধ বাবা আর চার ভাই-বোনের সংসারে বড়ো হওয়ায় তাকে বের হতে হয়েছে কাজের সন্ধানে। ছোট ভাই-বোনদের পড়াশুনার ভারও ছিল তার উপরই। আর বৃদ্ধ বাবা বছরের অধিকাংশ সময়ই অসুস্থ থাকেন। এখন সংসারের সবচেয়ে সক্ষম উপার্জনক্ষম ব্যক্তিটিই অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে ভর্তি। তার বাবা আছেন তার সাথে হাসপাতালে। কিন্তু তার বাবা নিজেও অসুস্থ। ভবন ধসের সময় শরীরের উপর পিলার পড়ায় হাত ভেঙ্গে গেছে একটি আর শরীরের অধিকাংশই অচল হয়ে পড়েছে। ডাক্তার আশা দিয়েছেন দীর্ঘদিন চিকিত্সা করাতে পারলে সেরে ওঠার সম্ভাবনা আছে। অপারেশন করতে হবে। ডাক্তারের কথায় আশায় বুক বেঁধে আছেন তারা। হাসপাতালের বিছানার পাশে বসে আছেন মা মমতাজ বেগম। এসেছেন মানিকগঞ্জের দৌলতপুর থেকে। আর স্বামী সাজু তালুকদার আছেন দাঁড়িয়ে। সাজুও গার্মেন্টসে কাজ করেন। রানা প্লাজার গার্মেন্টসে কাজ করতেন রোজিনা আক্তার। স্বামী সাজু আর রোজিনা বেগম দুজনের গার্মেন্টসে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে কোনোরকমে চলতো তাদের সংসার। তারা থাকতেন সাভারের রাজপুলবাড়িয়ায়। রোজিনা রানা প্লাজায় কাজ করতেন প্রায় ১০ মাস ধরে। তাদের সংসারে একটি কন্যা সন্তান আছে তার বয়স চার বছর। যেদিন রানা প্লাজা ধসে পড়ে সেদিন রাতেই তাকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু ভবনের ভাঙ্গা অংশ শরীরের উপর পড়ে পায়ে এবং বুকে মারাত্মক আঘাত পেয়েছেন। এবং কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। সরকার থেকে অল্প কিছু সহযোগিতা করলেও তাদের নিজেদের এবং সন্তানের ভবিষ্যত্ অনিশ্চিত। তিন ভাই-বোনের মধ্যে রীনা সবার ছোট। বড়ো বোনের বিয়ে হয়ে গিয়েছে আর বাকি দুই বোন কাজে করে গার্মেন্টসে। তাদের বাবা দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি আর মা রোজিনা বেগমও অসুস্থ। বাবা-মা আর দুই বোন মিলে থাকতেন সাভারের চৌরাস্তায়। তাই তাদের দুই বোনের উপার্জনেই চলে তাদের সংসার। ভবন ধসে পা ভেঙ্গে গিয়েছে এবং হাত মারাত্মকভাবে যখম হয়েছে রীনার। ১৫ বছর বয়সেই সংসাসের ভার নিতে হয়েছে নিজের কাঁধে। রীনার মা জানান, আমরা জানতাম রীনা বেঁচে নেই। কিন্তু ও উদ্ধার হওয়ার পর টেলিভিশন দেখে জানতে পারি আমাদের মেয়ে বেঁচে আছে। হাসপাতালের ওয়ার্ডের এক কোণার একটি বেডে শুয়ে আছেন সীমা আক্তার। পাশে বসে আছেন স্বামী হারুন মিয়া। সীমা আক্তার রানা প্লাজায় কাজ করতে এসেছিলেন মাত্র তিন মাস আগে। সাভার বাজারে স্বামী হারুন মিয়ার একটি ছোট্ট কাঠের ব্যবসা আছে। কিন্তু ওই ব্যবসা দিয়ে সংসার চলে না তাদের। তাই বাধ্য হয়েই গার্মেন্টসে কাজ করতে এসেছিলেন তিনি। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ভবনের ভাঙ্গা অংশের নিচে পা আটকা পড়ে সীমা আক্তারের। তাই উদ্ধারকর্মীরা বাধ্য হয়ে তার পা কেটে উদ্ধার করেন। সেখানে ব্যান্ডেজ করা আছে। পা পুরোপুরি ঠিক হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তারপরও চালাতে হবে জীবন। রানা প্লাজা ধসের ঘটনায় আহত ও নিহত সকলেরই নিজের যেমন আলাদা গল্প-জীবন কাহিনী আছে তেমনি প্রত্যেকেরই গল্পই যেন একটি কাহিনী নিয়ে। সকলেই দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অথবা সংসারে একটু সচ্ছলতার আশায় কাজ করতে এসেছিলেন গার্মেন্টসে। কিন্তু এই ভবন ধসের ঘটনা তাদের সকলের জীবনের সম্ভাবনা এবং সচ্ছলতাকে তছনছ করে দিয়েছে। যারা প্রাণে বেঁচে গিয়েছেন তাদের অধিকাংশই আর কোনোদিন কাজ করে উপার্জন করতে পারবেন না। অনেকে অনেক কথা বলছেন, কেউ কেউ সাহায্য করছেন সামান্য কিন্তু আহত হয়ে বেঁচে যাওয়া এই গার্মেন্টস কর্মীদেরকে বাকিটা জীবন কাজ না করে অসহায়ত্তের মধ্য দিয়ে কাটাতে হবে।