বিসিএস : নারীর স্বপ্নগাঁথা
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:০১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ সম্পন্ন করে তিনি অংশ নেন বিসিএস পরীক্ষায়। অনেকের কাছেই বিসিএস এক স্বপ্নের চাকরি, তার ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম নয়। তিনি ভেবেছিলেন তার যতবার বিসিএস দেবার সুযোগ রয়েছে, প্রয়োজনে ততোবার তা ব্যবহার করবেন। কোন না কোনবার নিশ্চয়ই তার চাকরি হয়েই যাবে। বিবিএ পড়ার সময় থেকেই বিসিএসের প্রতি তার আগ্রহ গড়ে ওঠে। সহপাঠীদের কাছ থেকেও সব সময় বিসিএস সম্পর্কে নানা তথ্য পেয়েছেন যা তাকে সাহায্য করেছে। তিনি বলেন, নারীদের সরকারি চাকরি করার ক্ষেত্রে একটি বড় সমস্যা বিভিন্ন জেলা ও বিদেশে বদলি। যদি পারিবারিক ভাবে সম্মতি পাওয়া না যায়, তবে সরকারি বদলির চাকরি করা প্রায় অসম্ভব। তিনি বলেন, এটি আমার সৌভাগ্য যে আমি আমার বাবা, মা, স্বামী কারো পক্ষ থেকেই এ পথে বাধা তো পাইনি বরং তারা বলেছেন, সরকারি চাকরির মধ্যে দিয়ে সমাজের সব ধরনের মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়। তাই পারলে সে ধরনের চাকরিই করা উচিত। তিনি তার চয়েজ ফর্মে প্রথম চয়েজ দিয়েছিলেন প্রশাসন। তিনি বলেন চয়েজ দেবার ক্ষেত্রে নিজ পছন্দ অনুযায়ী ক্ষেত্র আগে দেয়া উচিত। নারীদের মূলত কী ধরনের ক্ষেত্রে আগ্রহ বেশি জানতে চাইলে তিনি বলেন, আগে দেখা যেতো প্রশাসন, শিক্ষা এসব ক্ষেত্রেই নারীরা বেশি আগ্রহী থাকতো, কিন্তু এখন কোন ভেদাভেদ নেই। পুলিশ ক্যাডারেও বহু মহিলা যোগ দিচ্ছে। তিনি বর্তমানে কুমিল্লায় কর্মরত রয়েছেন। ফারহানা জাহান বলেন, তার বেশিরভাগ সহকর্মীই নারী। আসন্ন পরীক্ষায় পরীক্ষার্থীর প্রতি কি পরামর্শ জানতে চাইলে তিনি বলেন, প্রিলি পরীক্ষায় পরীক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর দিতে হবে- এমন কথা ভুলে যেতে হবে। পরীক্ষার সময় মাথা ঠাণ্ডা রাখা সবচেয়ে জরুরি। যে যে বিষয়ে দক্ষ, তার উত্তর আগে দেয়া ভাল। পত্রিকার সমসাময়িক বিষয় ও সম্পাদকীয় পড়ার মধ্যদিয়ে সাম্প্রতিক বিষয়াদি সম্পর্কে স্পষ্ট ধারণা আনতে হবে। তিনি বলেন, অনেক আগে থেকেই বিসিএস-এর ক্ষেত্রে সিনিয়ররা কী ধরনের প্রস্তুতি নিচ্ছে, কী সমস্যায় পড়ছে, তা থেকে তার একটি ধারণা হয়ে গিয়েছিল। তাই তাকে সাহায্য করেছে, প্রশ্ন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে। বিসিএস প্রিলি পরীক্ষার সেই চাপ সহ্য করার ক্ষমতা এবং সকল বিষয়ের পূর্ণ জ্ঞানই একজন পরীক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে।
---
জান্নাত আরা নাহিদ
তিনি এবার ৩৪তম প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে তার মাস্টার্স সম্পন্ন করেন। আসন্ন প্রিলিমিনারী পরীক্ষার জন্য তার প্রস্তুতি জানতে চাইলে তিনি বলেন, বিসিএস পরীক্ষার প্রস্তুতি এক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অল্পদিনের মধ্যে তার প্রস্তুতি কখনই সম্পন্ন করা সম্ভব না। পরীক্ষার আগে গণিত, ব্যাকরণ, ইংরেজী ব্যাকরণের মূল সূত্রাদি দেখা যেতে পারে। গল্পের মত করে নানা পাঠ্য বই থেকে ইতিহাস, আন্তর্জাতিক ঘটনা প্রভৃতি সম্পর্কে জানতে হবে। এসব বিষয়ে আধাআধি জ্ঞানই পরীক্ষায় পাস করার পথে সবচেয়ে বড় বাধা। সাম্প্রতিক সহিংসতার বিষয়াবলীও জানতে হবে। তার প্রথম চয়েজ কি জানতে চাইলে বলেন, প্রশাসন। তিনি বলেন প্রশাসনে চাকরি করার মধ্য দিয়ে মাঠ পর্যায়ের লোকদের সাথে নেমে কাজ করার সুযোগ হবে। এদেশের সাধারণ মানুষের প্রয়োজনীয়তা বুঝে, তাদের জন্য নিজের জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ হবে। এটাই আমার জীবনের স্বপ্নকে পূর্ণ করবে। তিনি বলেন, বিসিএসে পড়ার ক্ষেত্রে সকল বন্ধুরা মিলে আলোচনার মধ্যদিয়ে এক সাথে পড়াশোনা চালিয়ে যেতে হবে। বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে তা অনেক বেশি সাহায্য করে মনে রাখতে। তথ্যের মধ্যে কোন ভুল থাকলে তাও ধরা পড়ে। আলোচনায় নানা তথ্য সহজে জানা যায়, যা সব সময় সাহায্য করে। বিসিএস পরীক্ষায় নারীদের অংশগ্রহণ এখন আগের তুলনায় অনেক বেশি। এবারের বিসিএস পরীক্ষায় নারীদের সর্বোচ্চ সাফল্যই তার কাম্য।
---
শাহনাজ আক্তার
শাহনাজ আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। আসছে ৩৪তম প্রিলিমিনারী পরীক্ষায় তার প্রস্তুতি জানতে চাইলে তিনি বলেন, মোটামুটি। পরবর্তী পরীক্ষার্থীদের প্রতি তার পরামর্শ, বিসিএস এ টিকতে হলে মূল বিষয়গুলো জানতে হবে। অস্টম, নবম-দশম এসব পাঠ্য বই অবশ্যই পড়তে হবে। শুধু আধা-আধি জেনে, গাইড বই ঘেঁটে মুখস্থ করলে চলবে না। হলে থাকাকালীন সিনিয়র আপুদের পড়াশোনা, পরীক্ষায় ভুল-ভ্রান্তির অভিজ্ঞতা তাকে অনেক সাহায্য করেছে। শাহনাজ বলেন, নিজ বাড়িতে যারা থাকে তাদের চেয়ে হল-মেসে থেকে যারা পড়াশোনা করে, তাদের বিসিএসের ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি। আশেপাশের পরিবেশ থেকে অনেক শিক্ষা লাভের সুযোগ তারা পায়। তিনি চয়েজ ফর্মে সবার আগে দিয়েছেন ফরেন ক্যাডার। শাহনাজ বলেন, সরকারি চাকরি করার ক্ষেত্রে নারীদের জন্য পারিবারিক সমর্থন খুবই জরুরি হয়ে পড়ে। পরিবারের সমর্থন ছাড়া দেশে-বিদেশে বদলির চাকরি চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তাই নারীদের দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দেবার লক্ষ্যে পরিবারের সকলের উত্সাহ একান্ত কাম্য। শাহনাজ বলেন, সামনে প্রিলিতে ভাল করতে হলে পরীক্ষার এক ঘণ্টা মাথা সম্পূর্ণ ঠাণ্ডা রাখতে হবে এবং না জানলে একটা প্রশ্নের উত্তরও দাগানো যাবে না। না জেনে দাগানোই বহু পরীক্ষার্থীর ফল খারাপ করার পেছনে একটি কারণ। তাই ঠাণ্ডা মাথায় পরীক্ষার্থীদের সফল অংশগ্রহণই তার প্রার্থনা।