মায়ের জন্যই এ ফলাফল
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:০১
একজন পরীক্ষার্থী যখন মাধ্যমিক পরীক্ষা দেবার প্রস্তুতি নেয় তখন তার সাথে সাথে কখনো নিভৃতে, আদরে বা শাসনের কঠোরতায় পরিবারের যে মানুষটি অংশ নেন এই অনিশ্চিত যাত্রায় অধিকাংশ সময়েই সেই মানুষটি হয়ে থাকেন মা। তাই ফলাফলের দিন সাফল্যের গর্ব মাকে যেন একটু বেশি করেই ছুঁয়ে যায়। পেশায় যা-ই হোন না কেন, মা হবার দায়িত্বকে সবার উপরে তুলে ধরেই একজন মা এগিয়ে চলেন। এমন হাজারো মায়ের ভিড় থেকে তুলে ধরা হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়া কয়েকজন শিক্ষার্থীর মায়েদের গর্ব ও আনন্দের কথা। কিন্তু এই মায়েদের সাথে কথা বলে দেখা গেছে, তারা বা তাদের সন্তানেরা এই দিনটিকে ‘একদিনের জন্য ভালবাসা দেখানো’ গোছের কিছু ভাবেন না। বরং এই দিনটিকে মা-সন্তান মিলে আনন্দ উদযাপনের একটি উপলক্ষ হিসেবে দেখেন যা বিশেষ আনন্দের হয়ে দাঁড়ায় তাদের জন্য।
মা: রাজিয়া বেগম
সন্তান: মারজিয়া মমিন
হলিক্রস গার্লস হাইস্কুল
আমার মেয়ে তার পরিশ্রমের যথাযোগ্য ফল পেয়েছে এজন্য আমি খুবই খুশি এবং গর্বিত। মেয়ের পড়াশোনার যাবতীয় ব্যাপার আমাকেই দেখাশোনা করতে হত। আমার সে কষ্টের ফল মিলেছে বলেও আমি আনন্দিত। তবে এখনই শেষ নয়, এখনো মাথায় চিন্তা আছে মেয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং তারপর পছন্দের প্রতিষ্ঠানে পছন্দের বিষয়ে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাওয়া নিয়ে। এসব হয়ে গেলে তখন হয়ত একটু চিন্তামুক্ত হতে পারব। এই ফলাফল আমার জন্য মা দিবসের সেরা উপহার। এদিনে সাধারণত মেয়ে আমাকে উপহার কিনে দেয়, খাওয়া-দাওয়া করা হয় সবাই মিলে। সব মিলিয়ে মা দিবস আমার ও আমার সন্তানদের জন্য বেশ একটা আনন্দের উপলক্ষ।
---
মা: কাকলী চৌধুরী
সন্তান: সাইকি দাশ চৌধুরী
হলিক্রস গার্লস হাই স্কুল
আমার মেয়ে অনেক কষ্ট করেছে এই ফলাফলের জন্য, মা হিসেবে আমাকেও ওর পাশে থাকতে হয়েছে, তাই আমরা দু’জনেই খুব খুশি এই ফলাফলে। ওর বাবা থাকে ঢাকার বাইরে তাই আমাকেই অনেকটা দায়িত্ব নিতে হয়েছে মেয়ের পড়াশোনার। ওর বাবাও খুব উত্সাহ দেয় পড়াশোনায়, আমিও দিই। আমার মেয়েরা আমাদের প্রত্যাশার দিকে তাকিয়ে অনেক কষ্ট করে, এজন্য আমি আনন্দিত। মেয়েকে প্রায়ই শাসন করি মা হিসেবে, মেয়ে হয়ত মন খারাপ করে কিন্তু বুঝিয়ে বললে আমাকে বোঝে সে, আমাকে বেশ সাহায্যও করে নানা কাজে। সাধারণত মা দিবসে আমার মেয়েরা উপহার আনে আমার জন্য। আনন্দেই কাটে দিনটা। তবে এবারের উপহার আমি আগেই পেয়ে গেছি, মেয়ের সফলতাই আমার সেরা প্রাপ্তি।
----
মা: রেশমা হক
সন্তান: সামিরা জাবীন
হলিক্রস গার্লস হাই স্কুল
মেয়ের ফলাফলে আমি খুবই সন্তুষ্ট। এমন সাফল্যের ধারাবাহিকতা মেয়ে বজায় রাখলে আমার চেয়ে গর্বিত আর কে হবে? একজন মা হিসেবে আদর ও শাসনের দায়িত্ব অনেকটাই আমার উপর পড়ে, আমি চেষ্টা করি মেয়েকে সাফল্যের পথে এগিয়ে নিতে। এতে হয়ত অনেক সময় আমাকে কঠোর হতে হয় যে কারণে মেয়ে মনঃক্ষুণ্ন হয়, কিন্তু আমি বোঝাবার চেষ্টা করি তার মঙ্গল চিন্তা থেকেই আমার এই কঠোরতা আসে। আমরা সাধারণত সবাইকে জানিয়ে খুব ধুমধাম করে মা দিবস উদযাপন করি না কিন্তু মা দিবস বা জন্মদিনের মত উপলক্ষগুলো ঘরোয়াভাবে পালন করি একসাথে। পারিবারিকভাবে ঘরোয়া উত্সবেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি সবার শুভ কামনা আশা করি আমার মেয়ের ভবিষ্যত্ সাফল্যের জন্য।
-----
মা: ডাঃ ফাতিমা বেগম
সন্তান: ফারহানা কবির
ভিকারুন্নিসা নূন স্কুল
সন্তানের ফলাফলে যে কতটা খুশি হয়েছি তা বলে বোঝানো সম্ভব নয়। আমি পেশায় ডাক্তার হওয়াতে কাজ এবং সংসার দুটার সমন্বয় করতে আমাকে একটু বেশি প্রতিবন্ধকতা পেরোতে হয়। তাছাড়া সংসার ও কাজের পাশাপাশি আমি উচ্চতর ডিগ্রি নিয়েছি। দেখা গেছে, একইসাথে আমিও পড়েছি, আমার মেয়েও পড়েছে। এতকিছু একসাথে সামলাতে কষ্ট হয়েছে বেশ কিন্তু নিজেকে এখন সার্থক মনে হচ্ছে। আমি আমার সন্ধ্যার পরের প্র্যাকটিস ছেড়ে দিয়েছি যাতে মেয়েকে সময় দিতে পারি। আমার মেয়ে মা দিবস বা বাবা দিবস বেশ উত্সাহের সাথে মনে রাখে। মা দিবসে আমার মেয়ে লুকিয়ে নিজে হাতে বিভিন্ন উপহার তৈরি করে ও সেগুলো দিয়ে চমকে দেয় আমাকে। মেয়ের হাতের ছোঁয়া আর ভালবাসা মিশে থাকে বলে সেই উপহারে আমি আপ্লুত হই। সকল মায়ের মতই সন্তানের সাফল্যই আমার একান্ত প্রত্যাশা।