নারী উদ্যোক্তা

মানুষের মাঝে বেঁচে থাকা

নারীদের আত্মনির্ভরশীল করা, নারী নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার রক্ষা, নির্যাতিত মানুষকে আইনি সহায়তা দেয়া ও চৌগাছা-ঝিকরগাছাসহ বৃহত্তর যশোর জেলার এতিম অসহায় শিশুদের জন্য আবাসিক স্কুল (কারিগরি) প্রতিষ্ঠা করতে কাজ করছেন মমতাজ ফারুক। তিনি ১৯৪৬ সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে মেট্টিক এবং ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। পাশাপাশি নিউইয়র্কের হান্টার কলেজ থেকে স্যোসাল ওয়েলফেয়ার এণ্ড রিচার্স সার্টিফিকেট অর্জন করেন। এছাড়াও নিউইয়র্কের দি নিউ স্কুলে পুষ্টি এবং ইন্টেরিয়র ডেকোরেশনের উপর কোর্স সম্পন্ন করেন। ভারতের দিল্লি থেকে ন্যাশনাল ইনস্টিটিশন অর ফ্যাশান টেকনোলজি এসআইএফটি থেকে টেক্সটাইলের উপর কোর্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনের মাঝপথে ১৯৬৮ সালে বর্তমান সরকারের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মমতাজ ফারুক মনে করেন, নারী মানে ঘরের সোকেসে সাজানো পুতুল নয়, নারী মানে সংসার, সন্তান আর স্বামীর সেবা দাসী নয়, নারী মানে অবহেলিত কোন অধ্যায় নয়। মমতাজ ফারুক মেধা, বুদ্ধিমত্তা পরোপকারী মনোভাব, শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দেবার অঙ্গীকার, দরিদ্র জনগোষ্ঠীর সেবা, দেশের উন্নয়নে কাজ করার ব্রত বারবার প্রমাণ করেছেন নারী শুধু রান্না ঘরে ভাত রাধেন আর কাঁদেন, না— নারীও হতে পারে দেশ গড়ার যোগ্য হাতিয়ার। ছোটবেলা থেকেই সত্, মিষ্টভাষী, সদালাপী, মানুষের উপকারে পাশে থাকার একটা মনোবাসনা তার ভেতর কাজ করতো। নারীদের বিভিন্ন রকম ট্রেনিং, আইনি সহায়তা, শিক্ষিত করে তোলাই তার লক্ষ্য বলে জানান তিনি। তিনি বলেন, এখনও আমাদের দেশের মেয়েরা মধ্যযুগীয় ফতোয়াবাজির শিকার হচ্ছে। কন্যা সন্তানেরা আজো তাদের পৈত্রিক সম্পত্তির ন্যায্য সমান অধিকার থেকে বঞ্চিত, যৌতুকের যাঁতাকলে পিষ্ট, যৌন নিগ্রহের শিকার হচ্ছে। পাচ্ছে না কর্মক্ষেত্রে সমান পারিশ্রমিক। মমতাজ ফারুক জীবনের শেষ দিনটি পর্যন্ত দেশের অগণিত মানুষের ভাগ্যোন্নয়নে নিজেকে উত্সর্গ করতে চান। অসহায়, ভাগ্য বঞ্চিত মানুষের সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি মাঠে নেমেছেন। যশোরের ঝিকরগাছায় প্রতিষ্ঠা করেছেন অরাজনৈতিক অসাম্প্র্রদায়িক স্বেচ্ছাসেবী সংস্থা মমতাজ ফারুক ফাউন্ডেশন। আরেকজন সাদা মনের মানুষ ঝিকরগাছা উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাসিন্দা আব্দুল করিম সরদার এ ফাউন্ডেশনের জন্য বিনামূল্যে নিঃশর্ত ২৫ বিঘা জমি দান করেছেন। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই সাহসী নারীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এ ফাউন্ডেশনের আওতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ, বৃদ্ধ আশ্রয়, প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ সেন্টার, দুঃস্থ এতিমদের জন্য শিক্ষা প্রসারের লক্ষ্যে জেনারেল স্কুল ও অন্যান্য কাজ করে যাচ্ছেন। অবহেলিত নারীদের জন্য তিনি গড়ে তুলেছেন ‘নারীকণ্ঠ’ নামে অপর একটি প্রতিষ্ঠান। এছাড়াও সমাজের অবহেলিত মানব সম্পদ হরিজন ও ঋষি সমপ্রদায়ের ভাগ্যোন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু পাচার, বহুবিবাহ প্রতিরোধ করতে মমতাজ ফারুক ফাউন্ডেশন সামাজিক সচেতনতা গড়ে তুলতে কাজ করছে।