মন্দা প্রকৃতিতেও নির্মাতার হাসি!

বৈরী আবহাওয়া যেকোনো আউটডোর ইউনিটের জন্যই বড়ই পীড়াদায়ক। আর যদি হয় তা চলচ্চিত্রের ইউনিট। বেশ ক’মাস আগেই চাষী নজরুল ইসলাম তার দীর্ঘ মেয়াদি ছবি ‘দেবদাস’-এর মুক্তির পর থেকেই বলে আসছিলেন একসাথে তিনি এবারে দুটি চলচ্চিত্রের কাজ শুরু করবেন। সেই মতো কাজও শুরু করেছেন। নায়ক হিসেবে নিয়েছেন প্রতিভাবান তরুণ অভিনেতা ইমনকে আর সাথে একেবারেই নতুন মুখ তানজিয়া দোলা। তবে নায়িকা কাস্টিং নিয়ে এই ছবি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। যেকোনো যুক্তিতে এমন অর্বাচীনকে চাষী নজরুল ইসলামের মতো বিজ্ঞ নির্মাতা সিলেক্ট করলেন। সেই তর্কের কথা বাদ, দেশবরেণ্য এই নির্মাতা টানা কয়েক সপ্তাহ শুটিংয়ে রাঙামাটি, নীলগিরি, শুভলং, বান্দরবানের বিভিন্ন লোকেশন একেবারে চষেছেন। তবে বৈরী আবহাওয়ায় নিজের শুটিংয়ের কোনো ব্যাঘাত হয়েছে কি না জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আমরা আবহাওয়ার মান-অভিমানের ভেতরেই দৌড়েছি। মাঝে টানা দুদিন বসে থাকতে হয়েছিল। এরপর আমাদের টার্গেট কাজ আমরা শেষ করে এসেছি। ‘ভুল যদি হয়’ ছবিটির প্রায় শতকরা ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। এখন ঢাকায় কিছু কাজের শুটিং করেই আমরা ডাবিং ও এডিটিং শুরু করব।’