ক্লোজআপ ওয়ান গ্র্যান্ড ফিনালে
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:০৮
গত কয়েক বছর ধরেই দেশের অগণিত গানের স্বপ্নভুক তরুণেরা বিভিন্ন রিয়েলিটিতে গান গেয়ে চলেছেন। দেশের স্যাটেলাইট চ্যানেলের রিয়েলিটি শোগুলোর অবস্থা হয়েছে অনেকটা ভারতীয় সিরিয়ালের মতো। কবে কখন এর সিজন শেষ হবে তা যেন কেউ জানেন না। তবে এর ভেতরে ‘ক্লোজআপ ওয়ান’-এর এই রিয়েলিটি শো দেশের পথিকৃত্ শো। তাই দর্শকদের আগ্রহের দৃষ্টিও যেন এখানটায় অনেক। বাণিজ্যিক হিসেবেও এবারে রেকর্ড গড়েছে। এক কোটির বেশি নাকি এসেছে এসএমএস! দীর্ঘ ৯ মাসের কার্যক্রমের শেষে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’-এর বহু প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন পর্যায়ের ১৩টি রাউন্ড শেষে নির্বাচিত শীর্ষ তিন প্রতিযোগী সোহাগ, লায়লা এবং টুটুলের মধ্যে এবারের ক্লোজআপ ওয়ান তারকা নির্ধারিত হয়। বর্ণিল এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এই অনুষ্ঠানটি শনিবার ৮টা ১৫ মিনিটে এনটিভিতে সরাসরি সম্প্রচার হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের বিভিন্ন সময়ের গান পরিবেশনা করেন ক্লোজআপ ওয়ান ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১২-এর শিল্পীরা।