সৈয়দপুরের বিভিন্ন হাটে বাজারে উঠছে কাঁঠাল
আমিরুজ্জামান, সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:১৯
কাঁঠাল ফলের রাজা বলে সবার কাছে সমাদৃত। আজকে কাঁঠাল শুধুমাত্র একটি মৌসুমী ফলই নয়- সহায়ক খাদ্য ও অর্থকরী ফসল হিসাবে স্বকীয় গুণাগুণের কারণেই নিজের জায়গা করে নিয়েছে। সৈয়দপুর ও তার আশেপাশের গাছগুলো ঝুলন্ত কাঁঠালে ছেঁয়ে আছে। কোন কোন বাগানের আগাম জাতের কাঁঠালগুলো পাকতে শুরু করেছে। পাকা কাঁঠালের মিষ্টি গন্ধে কীটপতঙ্গ ভিড় করছে গাছে গাছে। আর সেই আনন্দে বাগান মালিকরা গাছ পরিচর্যায় ব্যস্ত।
এসময় বাংলার প্রিয় জাতীয় ফল কাঁঠালের মিষ্টি রসে চিড়া, মুড়ি খাওয়ার ধুম পড়ে যায়। উপজেলার হাটবাজারগুলোতে পাকা কাঁঠাল উঠতে শুরু করেছে। এখানকার অধিকাংশ কাঁঠাল গাছগুলো বাগান ভিত্তিক না হলেও বাড়ির আঙিনায়, রাস্তার দু’ধারে, স্কুল, কলেজের চত্বরে প্রচুর কাঁঠাল গাছের দেখা মেলে। আর এসব গাছে ঝুলে থাকা কাঁঠলের দৃশ্য অনেকের নজর কাড়ে। অন্যান্য ফল ও গাছ নিয়ে সরকারি- বেসরকারি পর্যায়ে যত তত্পরতা লক্ষ্য করা যায় কাঁঠাল নিয়ে তার সিকি ভাগও হয় না। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কাঁঠালের ভাল ফলনের আশা করছে অনেকে । তবে ফলন বেশি হলে দাম না পাওয়ার আশংকাও রয়েছে।