কমলগঞ্জে সড়কের কাজে অনিয়মের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:১৯
কমলগঞ্জ উপজেলার কুরমা বনবিট এলাকা থেকে কুরমা বাজার পর্যন্ত এক কি.মি. রাস্তা পাকাকরণে ব্যাপক অনিয়ম করা হয়েছে। কোন চার্ট না টাঙ্গিয়ে নিম্নমানের ইট ও পলিমাটি দিয়ে কোনরকমে জোড়াতালি দিয়ে রাস্তার কাজ সম্পন্ন হলেও দুর্গম এলাকা থাকায় সেখানে দেখার কেউ নেই।
সরেজমিন ঘুরে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার এলজিইডির আওতাধীন কমলগঞ্জ-কুরমা-চাম্পারায় সড়কের কুরমা বনবিট এলাকা থেকে কুরমা বাজার পর্যন্ত এক কি.মি. রাস্তার পাকাকরণ কাজ চলছে। কুলাউড়ার একটি প্রতিষ্ঠানের ঠিকাদার মামুন আহমদ রাস্তার এই কাজ সম্পন্ন করছেন।
এক কি.মি. রাস্তা পাকাকরণে কত টাকার কাজ হচ্ছে সে বিষয়ে কারো কাছ থেকে সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। রাস্তায় চার্ট টাঙানোর কথা থাকলেও কোথাও কোন চার্টও পাওয়া যায়নি। গত মঙ্গলবার সকালে দেখা যায়, খুবই নিম্নমানের ইটের কনক্রিট দিয়ে ভরাটকৃত রাস্তায় প্রবল বৃষ্টিপাতের মধ্যেই পলিমাটি দিয়ে দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে। এ সময়ে রাস্তায় ঠিকাদারের পক্ষে তদারককারী জনৈক ব্যক্তির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এ প্রতিবেদকের সাথে অসদাচরণ করেন। এছাড়াও ধলাই নদী থেকে কোন অর্থ ছাড়াই পলিমাটি এনে রাস্তায় দেয়া হচ্ছে।
পলিমাটি দেয়ার ফলে রাস্তায় কাদা জমে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে ঠিকাদার মামুন আহমদ বলেন, প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে রাস্তার এক কি.মি. স্থানে পাকাকরণ কাজ চলছে। তবে রাস্তার পাকাকরণ কাজে কোন অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি বলেন, সিডিউলে পলিমাটি দেয়ার কথা রয়েছে বলে পলিমাটি দেয়া হচ্ছে।